যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ নামের একটি বোমারু বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন বলে সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১৬ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমধ্যম বিবিসি।
স্থানীয় সময় সোমবার দুপুর ১১টা ২০ মিনিটে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়নের সময় বিমানটি উড্ডয়নের পরপরই এ দুর্ঘটনা ঘটে।
বেস কর্তৃপক্ষ জানান, ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাটি ‘বেঁচে থাকার মতো ছিল না’। পরে এক ব্রিফিংয়ে কর্নেল জেমস হেইস জানান, বিমানটিতে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মী এবং ঠিকাদারসহ একটি মিশ্র দল ছিল। তিনি বলেন, ‘আজ এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে এবং আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।’
বোয়িং কোম্পানি পৃথক এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে তাদের দুই কর্মী ছিলেন এবং তারা নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে।
দুর্ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং বেসটির সব উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিমানটি রানওয়েতে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় বলে জানা গেছে।
উল্লেখ্য, বি-৫২ ‘স্ট্র্যাটোফোর্ট্রেস’ দীর্ঘপাল্লার মার্কিন কৌশলগত বোমারু বিমান, যা ১৯৫০-এর দশক থেকে ব্যবহৃত হচ্ছে। এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং দীর্ঘ দূরত্বে আঘাত হানার ক্ষমতা রাখে। দুর্ঘটনার পর স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে শোক প্রকাশ করা হয়েছে এবং উদ্ধার ও তদন্ত কার্যক্রম চলছে।
জেডএম/
