|| ইফতিখার জামিল ||
অনেকেই ভাবেন, তারা 'জিহাদের মাধ্যমে বিশ্বে মুসলমানদের নিয়ন্ত্রণ স্থাপন করবেন, এটাই নাকি মুসলমানদের জন্য প্রকৃত সমাধান।' এগুলো অনেকক্ষেত্রেই অতিআবেগি মূল্যায়ন। তারা কী চান, সেটা আমি ধরতে পারি। তারা ইসলামের প্রাথমিক যুগ বা পশ্চিমা রাষ্ট্রগুলোর মত হার্ড পাওয়ার দিয়ে বৈশ্বিক পর্যায়ে প্রভাব বিস্তারের পক্ষপাতী। আমেরিকা যেভাবে ইরানে হস্তক্ষেপ করেছে, তারাও একইভাবে সামরিক হস্তক্ষেপ চালাতে চান। মুশকিল হচ্ছে, আপনার দেশে প্রপার গভরনেন্স না থাকলে অতিরিক্ত হার্ড পাওয়ার ব্যবহারের কোন সুযোগ নেই। প্রপার গভরনেন্স না থাকলে আপনি তো আপনার নিজের দেশকেই নিয়ন্ত্রণ করতে পারবেন না, বৈশ্বিক প্রভাব বিস্তার তো আরও দূরের কথা।
একই কথা খাটে খেলাফতের ক্ষেত্রেও। লোকজন আসলে খেলাফত বলতে কী বুঝে? তারা মুসলিম স্বর্ণযুগের কথা কল্পনা করে, শক্তিশালী শাসক কামনা করে। মুসলিম বিশ্বে পশ্চিমাদের অব্যাহত হস্তক্ষেপে লোকজন ক্লান্ত, বিরক্ত, ক্ষুব্ধ। তবে তারা অনেককিছুই তলিয়ে ভাবতে চান না; মুসলমানরা তো ঠিকভাবে আঞ্চলিক রাষ্ট্রই বানাতে পারেনি, খেলাফতের মত বৈশ্বিক রাষ্ট্রকাঠামো বানাবে কীভাবে? সর্বোপরি, মুসলিম শাসনে অবশ্যই শরিয়ার উপস্থিতি ছিল, তবে সেগুলো মোটেই ফেরেশতাদের শাসন ছিল না। খেলাফত বলতে লোকজন কল্পনা করে, আকাশ থেকে নেমে আসা ফেরেশতাদের শাসন —এসব প্রান্তিক চিন্তাভাবনা লোকজনকে কাল্পনিক জগতে আটকে রাখে।
এসব ক্ষেত্রে রিলিজিয়াস-লিবারেল বিভক্তিটাও অপ্রাসঙ্গিক। আমেরিকা হার্ড পাওয়ার ইউজ করলে, বৈশ্বিক রাষ্ট্র হয়ে ওঠলে সেটাকে যদি ধর্মীয়ভাবে ফ্রেম না করা যায়, তবে মুসলিম আকাঙ্ক্ষাকে কেন ধর্মীয় শব্দে ফ্রেম করা হবে? অবশ্যই ধর্মীয় ভাষা লিবারেল পরিভাষার থেকে আলাদা। কিন্তু জিহাদকে হার্ড পাওয়ার বললে, খেলাফতকে কোর/বৈশ্বিক রাষ্ট্র বললে মূল মডেলিং এ কি অনেক বেশি পার্থক্য চলে আসে? এভাবে ভাবলে দেখবেন, হুজুর-নন হুজুর-রিলিজিয়াস-লিবারেল লোকজন রাষ্ট্রীয় মডেলিং নিয়ে অধিকাংশ সময় অনর্থক মারামারি করে। এরা ভাবে, হার্ড পাওয়ার বললে অনেক সেকুলারিজম হয়ে গেল, খেলাফত শব্দ বললে অনেক ধার্মিকতা হয়ে গেল।
কাজেই, এসব তর্ক থেকে নিজেদেরকে যতটা দূরে রাখতে পারেন ততই ভালো। কেন্দ্রীয় প্রশ্ন হচ্ছে, আপনারা কি বাংলাদেশে গুড গভরনেন্স নিশ্চিত করতে পারছেন? সামাজিক সমন্বয়-প্রতিনিধিত্ব-মোবিলিটি কার্যকর করতে পারছেন? সফট এন্ড হার্ড পাওয়ারের মধ্যে সমন্বয় করতে পারছেন? বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের উপস্থিতি নিশ্চিত করতে পারছেন?
লেখক: আলেম, লেখক ও চিন্তক
জেডএম/
