মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮


ঈদের পরও মে মাসের বেতন পাননি মাদরাসা শিক্ষকরা, সংসদে ক্ষোভ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঈদুল আজহা পেরিয়ে জুন মাসের ১৬ তারিখ হলেও দেশের মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন পরিশোধ করা হয়নি বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. নুরুল আমীন।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের অষ্টম কার্যদিবসে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়টি উত্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

নুরুল আমীন বলেন, ‘মা একটি ছোট শব্দ, কিন্তু পৃথিবীর সমস্ত মমতা ও মধুরতা এই শব্দের মধ্যেই নিহিত। এই সংসদেও অনেক সদস্য আছেন, যাদের মা আজ আর বেঁচে নেই। আমারও মা নেই।’

তিনি বলেন, সংসদে আসার সময় একজন মাদরাসা শিক্ষক তাকে ফোন করে জানান, অর্থের অভাবে তিনি তার অসুস্থ মায়ের চিকিৎসা করাতে পারছেন না। এ প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা প্রতি মাসের এক বা দুই তারিখের মধ্যেই বেতন পেয়ে থাকেন। অথচ ঈদ চলে যাওয়ার পরও ১৬ জুন পর্যন্ত মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ‘বেতন যদি দিতেই হয়, তাহলে মাসের শুরুতেই দেওয়া উচিত। এতে শিক্ষকরা উপকৃত হবেন। যে শিক্ষকটি আমাকে ফোন করেছিলেন, অন্তত তিনি যেন এই সান্ত্বনা পান যে তিনি তার মায়ের চিকিৎসা করতে পেরেছেন।’

এ সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মাদরাসা শিক্ষকদের বেতন পরিশোধের দাবি জানান। একই সঙ্গে ইবতেদায়ি মাদরাসাগুলোকে সরকারি করার জন্যও সরকারের প্রতি অনুরোধ জানান।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ