রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আমিরে মজলিস কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’

৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে সৌদি পর্বে অব্যয়িত প্রায় পাঁচ কোটি (৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার) টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য হজযাত্রীদের কাছ থেকে নেওয়া অর্থের মধ্যে সৌদি আরবে আবাসন, পরিবহন, খাবারসহ বিভিন্ন খাতে নির্ধারিত ব্যয়ের পর যে অর্থ অব্যয়িত রয়েছে, তা সংশ্লিষ্ট হাজিদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, হজযাত্রীদের কাছ থেকে নেওয়া অর্থ আমানত হিসেবে বিবেচনা করে প্রতিটি খাতের ব্যয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে। নির্ধারিত ব্যয়ের পর কোনো অর্থ অব্যয়িত থাকলে তা সরকারের কোষাগারে রেখে না দিয়ে সংশ্লিষ্ট হজযাত্রীদের ফেরত দেওয়া হচ্ছে। এর মাধ্যমে হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুস্পষ্ট হবে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৩৪১ জন হজ পালন করেন। সৌদি পর্বে বিভিন্ন খাতে প্রকৃত ব্যয় নির্ধারিত অর্থের চেয়ে কম হওয়ায় ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা অব্যয়িত রয়েছে। হিসাব অনুযায়ী এই অর্থ হাজিদের মধ্যে ফেরত দেওয়া হবে।

হজ ব্যবস্থাপনায় সেবার মান ও আর্থিক স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে ধর্মমন্ত্রী বলেন, হজ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ইবাদত। হজযাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানি বা অনিশ্চয়তার মধ্যে না পড়েন, সে বিষয়ে সরকার শুরু থেকেই গুরুত্ব দিয়ে কাজ করেছে। হজ ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে সেবা নিশ্চিত করার পাশাপাশি আর্থিক বিষয়েও স্বচ্ছতা বজায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সৌদি পর্বে প্রকৃত ব্যয়ের সঙ্গে নির্ধারিত অর্থের পার্থক্য হিসাব করেই অব্যয়িত অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতেও হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার এই ধারা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারসহ ধর্ম মন্ত্রণালয় ও হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের সৌদি পর্বের অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ হজ ব্যবস্থাপনায় আর্থিক স্বচ্ছতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ৪ হাজার ৩৪১ জন হাজির অনুকূলে এ অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম সম্পন্ন করা হবে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ