দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন রোগী ভর্তি ও মৃত্যুর ঘটনায় চলতি বছরে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় দেশের বিভিন্ন হাসপাতালে চাপ বাড়ছে। বিশেষ করে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার পরামর্শ দিয়ে আসছেন। পাশাপাশি জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মশকনিধন কার্যক্রম জোরদার করাও জরুরি।
এসএইচ/