নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পায়নি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। একাধিক অনলাইন টুলের মাধ্যমে অডিওগুলো পরীক্ষা করে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে অডিওগুলোর প্রকৃত উৎস ও কথোপকথনের প্রেক্ষাপট নিশ্চিত হতে পারেনি তারা।
দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, আমির হামজার নামে প্রচারিত অডিওগুলোর সত্যতা যাচাইয়ে প্রযুক্তিগত পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অন্যান্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হয়েছে। তবে আমির হামজা ও তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে কথোপকথনগুলো কার সঙ্গে এবং কী প্রেক্ষাপটে হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন নিজের ফেসবুক পোস্টে আমির হামজার কথিত নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন। পোস্টে তিনি জানান, ফ্যাক্টচেকের মাধ্যমে এসব তথ্যের সত্যতা পেয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত অডিওতে এক ব্যক্তিকে আমির হামজার কণ্ঠ বলে দাবি করা হচ্ছে। সেখানে তাকে ক্ষমা চাওয়া ও অনুতপ্ত হওয়ার কথা বলতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’
অডিওতে আরও বলতে শোনা যায়, বিষয়টি নিয়ে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। ক্ষমা চাওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্বাসের কথা উল্লেখ করে তিনি বলেন, এখন বিষয়টি কোন পর্যায়ে গিয়ে ঠেকবে, তা নিশ্চিত নয়।
এদিকে গত ৬ নভেম্বর বগুড়ার নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি উত্তরপাড়ায় একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেন আমির হামজা। সেখানে নিজের সম্মানহানির অভিযোগ তুলে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে প্রচারিত বক্তব্যের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। এ ঘটনার পেছনে ভারত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তবে ওই মাহফিলে আমির হামজা তাঁর নামে প্রচারিত অডিওগুলো সরাসরি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত বলে দাবি করেননি। পরবর্তী সময়ে তাঁর বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে অডিও-ভিডিওগুলো এআই দিয়ে তৈরি বলে প্রচার করা হয়।
দ্য ডিসেন্ট জানিয়েছে, একাধিক অনলাইন টুলে পরীক্ষা করেও অডিওগুলোতে এআই প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এ পরীক্ষার ফল অডিওগুলোর প্রকৃত উৎস, কথোপকথনের অংশগ্রহণকারী বা এর প্রেক্ষাপট নিশ্চিত করে না।
প্রতিষ্ঠানটির প্রতিবেদনে আরও বলা হয়, আমির হামজার নামে কথিত অডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদ খাঁনকে লক্ষ্য করে নেতিবাচক প্রচারণা শুরু হয়। গত চার দিনে তাঁকে নিয়ে অন্তত ১১৮টি নেতিবাচক ভিডিও প্রকাশ করা হয়েছে বলে দ্য ডিসেন্টের অনুসন্ধানে উঠে এসেছে। এসব ভিডিওতে তাঁকে বিকৃত নামে সম্বোধন, ব্যক্তিগত ও পারিবারিক আক্রমণ, ধর্মবিরোধী আখ্যা দেওয়ার পাশাপাশি এআই দিয়ে তৈরি আপত্তিকর ছবি ও ভুয়া অডিও প্রচার করা হয়েছে।
এসএইচ/