দেশের নামে পরিবর্তন নয়, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে থাকা প্রজাতন্ত্র শব্দের পরিবর্তে জনকল্যাণ শব্দ যোগ করার প্রস্তাব করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দলটি।
দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বিবৃতিতে বলেন, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে দেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’-এর পরিবর্তে ‘জনগণতন্ত্রী’ অথবা ‘নাগরিকতন্ত্র’ শব্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার তার দল কমিশনের প্রস্তাবের বিপরীতে ‘জনকল্যাণ’ শব্দ যোগ করার পাল্টা প্রস্তাব জমা দিয়েছে।ৎ
বিবৃতিতে দাবি করা হয়, রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনের প্রস্তাবের সঙ্গে ইসলামী আন্দোলন একমত পোষণ করেছে। তবে গণমাধ্যমে তার দলকে জড়িয়ে যে ধরনের সংবাদ প্রচার করা হয়েছে, তা বিভ্রান্তিকর; বরং রাষ্ট্রের সাংবিধানিক নামের পরিবর্তনের প্রস্তাব সংবিধান সংস্কার কমিশনই দিয়েছে।