রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮


চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে দেশ: বিকেএম মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দেশ চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। রাজধানীর মিরপুরে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ মন্ত্রীদের অপসারণের দাবি জানিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বলেছিলেন। এখন দেশের মানুষ জানতে চায়, সেই পরিকল্পনা কী। ব্যর্থ মন্ত্রীদের নিয়ে দেশ পরিচালনা, নাকি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জন্য রাষ্ট্রকে উন্মুক্ত করে দেওয়া—কোনটি সেই পরিকল্পনা, প্রশ্ন রাখেন তিনি।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর জনগণের আস্থা কমে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিভিন্ন বক্তব্য পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে বলেও দাবি করেন তিনি।

মিরপুরের সাম্প্রতিক দুটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, গত রাতে ইসিবি চত্বরের নিউ জিনি প্রোপার্টিজ এলাকায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিওসহ আশপাশের এলাকায় প্রকাশ্যে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর আগের রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রেও সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

এসব ঘটনায় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ার অভিযোগ সামনে এসেছে উল্লেখ করে তিনি বলেন, সরকার দ্রুত ও কঠোর ব্যবস্থা না নিলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, রাজধানীতে রাতে স্টুডিও ভাঙচুর, হাসপাতাল তছনছ এবং মানুষকে জিম্মি করার মতো ঘটনা ঘটলে রাষ্ট্রের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তার ভাষায়, এটি শুধু আইনশৃঙ্খলার অবনতি নয়; সরকারের ব্যর্থতারও বহিঃপ্রকাশ।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে সরকারকে জবাবদিহি করতে হবে বলেও দাবি করেন তিনি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সময় মানুষ রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের প্রত্যাশা করেছিল। কিন্তু এখন মনে হচ্ছে, শুধু হাসিনা সরকারের পরিবর্তন ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজরা আবারও সক্রিয় হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি।

গণভোটের রায় উপেক্ষা ও জাতীয় ঐকমত্য নষ্ট করার কারণেই অপরাধীরা নতুন সাহস পেয়েছে বলেও দাবি করেন বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা। সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এর রাজনৈতিক দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ মন্ত্রীদের অপসারণ, মিরপুরের দুটি হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ