আওয়ার ইসলাম: ১০ জানুয়ারির আগেই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আগেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ এবং নতুন মন্ত্রিসভা গঠিত হতে পারে বলেও তিনি জানান।
১ জানুয়ারী সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
১০ জানুয়ারির কর্মসূচির বিষয়ে সেতুমন্ত্রী জানান, ১০ জানুয়ারি সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বিকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ৭ মার্চ পল্টন ময়দানে জনসভা হবে।
নতুন নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের আগে গেজেট প্রকাশিত হবে এবং তারা শপথ নেবেন । গেজেটের পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলের প্রধান হিসেবে রাষ্ট্রপতি শেখ হাসিনাকে সরকার গঠন করার আহ্বান জানাবেন বলে সংবাদমাধ্যমকে জানান ওবাইদুল কাদের।
-আর এইচ