মুফতি যাকারিয়্যা মাহমূদ মাদানী।।
কালো মানে অসুন্দর নয়। ফর্সা মানেও সুন্দর নয়। কালো এমন এক বস্তু যা দৃশ্যমান আলোর বিকিরণ শোষণ করে নিজে নিষ্প্রভ হয়ে যায়। পরক্ষণে আবার সেখান থেকে নির্মল স্নিগ্ধ আলোর বিচ্ছুরণ ঘটায়। সে আলোয় আলোকিত হয় দিক-দিগন্ত। তাই কালো নয় কালোকে যে অসুন্দর বলে তার দৃষ্টিভঙ্গিই অসুন্দর। কালো তার স্বমহিমায় উজ্জ্বল উদ্ভাসিত অনিন্দ্য সুন্দর।
পৃথিবীর সবকিছুই সুন্দর। সবই মহান স্রষ্টার অপরুপ অনাবিল সৃষ্টি। আপনিও একজন চমৎকার সুন্দর মানুষ। এই সুন্দর পৃথিবীর প্রতিটা মানুষই সুন্দর। অসুন্দর শুধু শব্দে। আমাদের বিকৃত মানসিকতা, অসুস্থ চিন্তা ও রুচিবোধে। হ্যাঁ মানুষের সেই সৌন্দর্য দেখতে হলে আপনার ভালোবাসাময় দু’টো চোখ লাগবে, উপলব্ধি করার মতো স্বচ্ছ প্রেমময় ও ভালো একটি মন লাগবে, সুন্দর উপলব্ধি করার মতো উন্নত মানসিকতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি লাগবে। তবেই আপনি দেখবেন জগতের এক একটি মানুষ মহান স্রষ্টার অপরুপ সৃষ্টির অনুপম সৌন্দর্যের স্বাক্ষর বহন করছে।
আপনি যদি পৃথিবীর সবচেয়ে কালো শিশুটির মাকে জিজ্ঞেস করেন, ‘আপনার এই সন্তানটি কেমন’? মা স্বহাস্যে স্বতঃস্ফূর্তভাবে জবাব দিবে, ‘আমার এই সন্তান চাঁদের চেয়েও দ্যুতিময় পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ’। তারমানে কী দাঁড়ালো? মানে দাঁড়ালো এই, আপনি যাকে কালো বলে অসুন্দর বলছেন, সেও কিন্তু তার জায়গায় সুন্দর।
সুতরাং সুন্দর অসুন্দরের সুনির্দিষ্ট কোন সংজ্ঞা নেই। এটি একটি সম্পূর্ণ আপেক্ষিক বিষয়। ‘যারদৃষ্টি ভঙ্গি যতো সুন্দর জগত তার কাছে তত সুন্দর’। সবার চোখে সব কিছু সব সময় সুন্দর নাও লাগতে পারে। আবার যদি কেউ কোনো অসুন্দর বস্তু বা বিষয়কে সবসময় দেখতে বা শোনতে থাকে, তবে একসময় সেটার সঙ্গে তার ভালো লাগা ও ভালোবাসা হয়ে যায়। এটা বাস্তব সম্মত কথা। সাইক্লোজিক্যাল লজিক এ কথাই বলে।
এবার আসুন সুন্দর অসুন্দরের সংজ্ঞাটাও একটু দেখে নেই। সুন্দর অসুন্দরের প্রকৃত সংজ্ঞা যদি আপনি দেখেন তো দেখবেন সেখানে সাদা-কালোকে সৌন্দর্যের মানদণ্ড ধরা হয়নি। কালো একটি রঙ মাত্র। এ রঙ কখনো একজন মানুষের বিশেষত্ব হতে পারে না! একজন নারীর সৌন্দর্য বিচারের মাপকাঠি হতে পারে না।
আপনার পরিচয়, আপনার সৌন্দর্য ত্বকের রঙে নয় চরিত্রে ও মাধুর্যতায়। স্বভাব-চরিত্র, আচার-আচরণ ও ব্যবহারে যে সুন্দর সেই সুন্দর। ধন-সম্পদের প্রাচুর্য না থাকুক, ক্ষমতার দাপট ও বংশীয় ঐশ্বর্য না থাকুক, যার সুন্দর ও সফেদ একটি মন আছে প্রকৃত অর্থে সেই সুন্দর। দেখুন বাংলা একাডেমীর বাংলা অভিধানে সুন্দরের সংজ্ঞা কী? সেখানে বলা হয়েছে সৌন্দর্য মানে রূপ, মনোহর, রূপমাধুরী, শোভা। কই কোথাও তো সাদা বা ফর্সা রঙের কথা বলা হয়নি! তাহলে আপনি কেন গায়ের রঙে সৌন্দর্য মাপতে যাবেন?