বিশেষ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ইতোমধ্যে ঘোষণা হয়েছে। আগামী ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে পিছপা হবে না বলে সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাজনীতি এখন দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। এক শিবিরের নেতৃত্বে রয়েছে বিএনপি এবং আরেক শিবিরের নেতৃত্বে জামায়াতে ইসলামী। দীর্ঘ সময় একসঙ্গে পথ চললেও বিএনপি ও জামায়াত এখন পুরোপুরি দুই মেরুতে অবস্থান করছে। দুই দলই নিজেদের পক্ষে অন্যদের টানতে মরিয়া চেষ্টা চালাচ্ছে।
শুরু থেকেই ইসলামি দলগুলোর কদর দুই শিবিরেই রয়েছে। বিএনপি প্রায় সব দলকেই নিজেদের পক্ষে টানার চেষ্টা করেছে। তবে এক্ষেত্রে বিএনপির চেয়ে জামায়াতে ইসলামী বেশি সফল হয়েছে। বেশির ভাগ ইসলামি দল এখন জামায়াতের সঙ্গে সঙ্গে একাত্মতা ঘোষণা করছে। ইসলামি দলগুলোর বড় একটি অংশ এখন জামায়াতের সঙ্গে অভিন্ন সুরে কথা বলছে।