শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কালেমা লেখা ফলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুষ্টিয়া প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক ও কেন্দ্রীয় মসজিদ ভবনের সামনে কালেমা লেখা সংবলিত ফলক স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এসব ফলক স্থাপন করা হয়। প্রশাসনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ের পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য, আদর্শ ও ঐতিহ্যকে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত বৈশিষ্ট্য ও প্রতিষ্ঠার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রধান ফটক ও কেন্দ্রীয় মসজিদের সামনে কালেমা লেখা ফলক স্থাপন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মানিক রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কালেমা লেখা ফলক স্থাপন প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় যাতে তার মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে, সে বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোহা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগ প্রশংসার দাবিদার। তবে প্রধান ফটকের মনোগ্রামের নকশা গেটের সামগ্রিক স্থাপত্যশৈলীর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ মনে হয়নি। গেট অথবা প্রবেশপথের কোনো একটি স্থানে মনোগ্রামটি আরও নান্দনিক, সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে স্থাপন করা হলে তা আরও দৃষ্টিনন্দন হতো।

অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ত্বকী ওয়াসিফ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও মসজিদের সামনে কালেমা সংবলিত স্থাপনা নির্মাণ ইতিবাচক উদ্যোগ। এটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তবে পবিত্র কালেমার মর্যাদা ও পবিত্রতা রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে প্রশাসনের বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআন-হাদিসসহ বিশেষায়িত ইসলামী শিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে। ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ের লক্ষ্যেই ১৯৭৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয়, আদর্শ ও ঐতিহ্য তুলে ধরতেই প্রধান ফটক ও কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কালেমা স্থাপন করা হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ