নিজস্ব প্রতিবেদক
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের পাঁচ বছরে দেশে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসার সংখ্যা বেড়েছিল ১ হাজার ৫৪১টি। বিপরীতে, আওয়ামী লীগের টানা শাসনামলে নতুন প্রতিষ্ঠান বৃদ্ধির বদলে কমেছে মাদরাসার সংখ্যা। ২০০৯ সালে দলটি ক্ষমতায় আসার সময় দেশে প্রাথমিকোত্তর মাদরাসা ছিল ৯ হাজার ৪৭৫টি। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৯ হাজার ২৯৬টিতে। অর্থাৎ, এই সময়ে মোট মাদরাসা কমেছে ১৭৯টি।
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ ‘বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান-২০২৫’ প্রতিবেদন বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
ব্যানবেইসের তথ্য অনুযায়ী, ২০০২ সালে দেশে মোট প্রাথমিকোত্তর মাদরাসা ছিল ৭ হাজার ৮২০টি। ২০০৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৪১০টিতে। এক বছরেই প্রতিষ্ঠান বেড়েছিল ৫৯০টি। পরের বছরগুলোতেও এ ধারা অব্যাহত ছিল। ২০০৪ সালে মাদরাসার সংখ্যা বেড়ে হয় ৮ হাজার ৮১৯টি, ২০০৫ সালে ৯ হাজার ২১৪টি এবং ২০০৬ সালে ৯ হাজার ৩৬১টি।
অর্থাৎ, ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রাথমিকোত্তর মাদরাসার সংখ্যা বেড়েছিল ১ হাজার ৫৪১টি। প্রাথমিক বছরের তুলনায় এই বৃদ্ধি প্রায় ১৯ দশমিক ৭ শতাংশ।
বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের সময়েও মাদরাসার সংখ্যা কিছুটা বেড়েছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে মোট প্রাথমিকোত্তর মাদরাসা ছিল ৯ হাজার ৪৭৫টি। তবে এরপরের বছরগুলোতে প্রতিষ্ঠানসংখ্যায় ধারাবাহিক হ্রাস ও ওঠানামা দেখা যায়।
২০১০ সালে মাদরাসার সংখ্যা কমে ৯ হাজার ৩৬১টিতে নেমে আসে। ২০১১ সালে তা আরও কমে হয় ৯ হাজার ৩৩০টি। ২০১২ সালে সাময়িকভাবে বেড়ে ৯ হাজার ৪৪১টিতে পৌঁছালেও পরবর্তী বছরগুলোতে আবার হ্রাস পায়। ২০১৩ সালে সংখ্যা দাঁড়ায় ৯ হাজার ৩৩৬টি, ২০১৫ সালে ৯ হাজার ৩১৯টি, ২০১৭ সালে ৯ হাজার ৩০৩টি এবং ২০১৯ সালে ৯ হাজার ২৭৮টি।
২০২০ সালে সামান্য বেড়ে মাদরাসার সংখ্যা হয় ৯ হাজার ৩০৫টি। কিন্তু পরের তিন বছর আবারও কমে। ২০২১ সালে ৯ হাজার ২৯১টি, ২০২২ সালে ৯ হাজার ২৬৮টি এবং ২০২৩ সালে ৯ হাজার ২৫৯টি মাদরাসা ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরের পরিসংখ্যানে আবারও বৃদ্ধির চিত্র দেখা যায়। ২০২৪ সালে মাদরাসার সংখ্যা ১০টি বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২৬৯টিতে। ২০২৫ সালে আরও ২৭টি বেড়ে মোট সংখ্যা হয় ৯ হাজার ২৯৬টি।
সব মিলিয়ে, ২০০৯ সালের ৯ হাজার ৪৭৫টি থেকে ২০২৫ সালে প্রাথমিকোত্তর মাদরাসার সংখ্যা কমেছে ১৭৯টি। আর আওয়ামী লীগ সরকারের পতনের আগে, ২০২৩ সালের হিসাবে, এই সংখ্যা ছিল ৯ হাজার ২৫৯টি। পরবর্তী দুই বছরে মোট ৩৭টি প্রতিষ্ঠান বৃদ্ধির তথ্য পাওয়া যায়।
পরিসংখ্যান থেকে দেখা যায়, বিএনপি-জামায়াত জোট সরকারের পাঁচ বছরে প্রাথমিকোত্তর মাদরাসার সংখ্যায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটেছিল। অন্যদিকে, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে মোট প্রতিষ্ঠানের সংখ্যা আগের তুলনায় কমে যায়। তবে এ পরিবর্তনের পেছনে নতুন প্রতিষ্ঠান স্থাপন, স্বীকৃতি, একীভূতকরণ বা বন্ধ হয়ে যাওয়ার মতো কোন বিষয় কতটা ভূমিকা রেখেছে, তা নির্ধারণে আরও বিস্তারিত তথ্য প্রয়োজন।
এসএইচ/