শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ছয় শর্তে খুলে দেয়া হচ্ছে নারায়ণগঞ্জের তল্লার সেই মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রায় এক বছর বন্ধ থাকা ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদ খোলার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। ছয় শর্তে পূরণ করে সেই মসজিদে নামাজ আদায় করা যাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

রোববার (২৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মসজিদ কমিটির সভাপতি মুহা. আব্দুল গফুরের কাছে মসজিদটি ব্যবহারের অনুমতিপত্র তুলে দেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

মসজিদটি ব্যবহারের জন্য কমিটিকে অনুমতিপত্রে লিখিতভাবে ছয়টি শর্ত দিয়েছে জেলা প্রশাসন।

শর্তগুলো হলো- এক. মসজিদে একাধিক দরজা রাখার ব্যবস্থা করতে হবে এবং আপাতত মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

দুই. বিদ্যুতের প্যানেল বোর্ড মসজিদ ভবনের বাইরে অথবা বারান্দায় বসাতে হবে।

তিন. প্রতি ৩ মাস পর পর অনুমোদিত প্রকৌশলী, এবিসি লাইসেন্সপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা পরীক্ষা করে রেজিস্ট্রারে লিপিবদ্ধ করতে হবে।

চার. স্থানীয় বিদ্যুৎ বিভাগ কর্তৃক মসজিদের বিদ্যুৎ সংক্রান্ত সব কার্যক্রমের সঠিকতা নিশ্চিত করতে হবে।

পাঁচ. মসজিদের নিচে বা পাশে গ্যাস লাইন নেই অথবা গ্যাস লাইন সঠিক আছে মর্মে তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে প্রত্যয়নপত্র নিশ্চিত করতে হবে।

ছয়. মসজিদের প্রতিটি তলায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডসহ সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে মনিটরিং করাসহ এসব শর্তাবলি পালন নিশ্চিত করতে হবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, মসজিদ খোলার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের চিঠি চাওয়া হয়েছিল। সংশ্লিষ্ট দপ্তরগুলো এই বিষয়ে ইতিবাচক সুপারিশ করেছেন। পরিপ্রেক্ষিতে মসজিদ খোলার অনুমতি দেওয়া হয়েছে। মসজিদ সংস্কার করে যেকোনো সময় মুসল্লিরা নামাজের আয়োজন করতে পারবেন।

তল্লার এ মসজিদ খুলে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে এলাকাবাসী ও স্থানীয় বিভিন্ন সংগঠন। এ ছাড়া জেলা প্রশাসকের নিকট দেওয়া হয়েছে একাধিকবার স্মারকলিপি। সর্বশেষ গত ২০ আগস্ট বাইতুস সালাত জামে মসজিদ নামাজ আদায়ের জন্য খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন হয়। এ সময় মানববন্ধনের মুসল্লিরা তিতাস গ্যাস অফিস ঘেরাও করার ঘোষণাও দিয়েছিল।

উল্লেখ্য, ২০২০ সালের ৪ সেপ্টেম্বর শহরের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে মুসল্লিসহ ৩৪ জন নিহত হন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ