শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :

মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের মহেশপুরে একটি মসজিদের ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে শুক্রবার (১৭ জুলাই) বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে বিরোধের জেরে একই সময়ে জুমার দুটি পৃথক জামাতে নামাজ আদায়ের ঘটনা ঘটেছে। এক পক্ষ মসজিদের ভেতরে, অন্য পক্ষ বারান্দায় জুমার নামাজ আদায় করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষ সমঝোতায় পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর ইউনিয়নের সাড়াতলা কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান ইমামকে রাখা না পরিবর্তন করা হবে—এ বিষয়কে কেন্দ্র করে মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। কমিটিতে বিএনপি ও জামায়াত—উভয় দলের সমর্থক রয়েছেন।

জামায়াত সমর্থকরা বর্তমান ইমামকে পরিবর্তনের দাবি জানালেও বিএনপি সমর্থকরা তাকে বহাল রাখার পক্ষে অবস্থান নেন। বিরোধের একপর্যায়ে গত শনিবার থেকে একই সময়ে পৃথক জামাতে নামাজ আদায় শুরু হয়। বিএনপি সমর্থকরা বর্তমান ইমামের ইমামতিতে মসজিদের ভেতরে নামাজ আদায় করেন। অন্যদিকে জামায়াত সমর্থকরা নিজেদের মধ্য থেকে একজনকে ইমাম করে মসজিদের বারান্দায় পৃথক জামাতের আয়োজন করেন।

এ ঘটনায় এলাকায় অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের প্রতিনিধি ও বর্তমান ইমামকে থানায় ডেকে আলোচনা করেন। প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠকের পর উভয় পক্ষ বর্তমান ইমামকে বহাল রাখার বিষয়ে সম্মত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মসজিদ কমিটি গঠন না হওয়া পর্যন্ত তিনিই ইমামতির দায়িত্ব পালন করবেন।

জামায়াতে ইসলামী সাড়াতলা ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, বর্তমান ইমাম নিয়মিত সময়মতো মসজিদে আসতেন না এবং নামাজ পরিচালনায় বিলম্ব হতো। এসব কারণেই তাকে পরিবর্তনের দাবি উঠেছিল। তবে পুলিশের উদ্যোগে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান হয়েছে।

অন্যদিকে ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন বলেন, খুতবায় কেবল কোরআন-হাদিসের আলোচনা হওয়া উচিত, রাজনৈতিক বা বিতর্কিত বক্তব্য নয়। এ বিষয়টি নিয়েই মূলত মতবিরোধের সৃষ্টি হয়েছিল। এখন উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের আগে ওসি মেহেদী হাসান সাড়াতলা কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে কথা বলেন। তিনি সবাইকে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সম্প্রীতি অটুট রাখা এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

ওসি মেহেদী হাসান বলেন, মসজিদকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত বা সহিংসতা কাম্য নয়। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ