দেশের জনকল্যাণমূলক কার্যক্রমে ব্যক্তিগত পর্যায়ের অনুদানকে উৎসাহিত করতে ১১টি নির্বাচিত প্রতিষ্ঠানে দেওয়া দানের বিপরীতে আয়কর রেয়াত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন শনিবার (১৩ জুন) জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা নির্ধারিত এসব প্রতিষ্ঠানে অনুদান প্রদান করলে তিনি তার প্রদেয় আয়করের ওপর রেয়াত সুবিধা ভোগ করতে পারবেন।
যেসব প্রতিষ্ঠানে দান করলে কর রেয়াত পাওয়া যাবে সেগুলো হলো— এএসএইচআইসি, ফাউন্ডেশন ফর চিলড্রেন ক্যানসার, বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট, আল-মারকাজুল ইসলামী, ডিজেবলড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ), মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ব্র্যাক, শেরপুর ডায়াবেটিক সমিতি, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।
এনবিআর জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে এই কর রেয়াত সুবিধা কার্যকর হবে। এই সুবিধার মেয়াদ থাকবে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে সমাজসেবা, স্বাস্থ্যসেবা ও মানবকল্যাণমূলক খাতে ব্যক্তিগত অনুদান বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
জেডএম/
