রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭


ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডের আওতাধীন সকল দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে শুরু হতে যাচ্ছে বর্ণাঢ্য ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’। অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহণে তিনটি ধাপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা যায়, কুরআনের হাফেজ ও হাফেজাদের উৎসাহ প্রদান, তাদের মেধা ও যোগ্যতার মূল্যায়ন এবং কুরআন শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যেই এ ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার প্রথম পর্যায়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অভ্যন্তরীণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে ৩০ লাখ টাকা মূল্যের তিন হাজারটি পুরস্কার প্রদান করা হবে। দ্বিতীয় পর্যায়ে থানাভিত্তিক প্রতিযোগিতায় পাঁচ লাখ টাকা মূল্যের ২৩৪টি পুরস্কার থাকবে।

এরপর গ্র্যান্ড ফাইনাল পর্বে ১০ লাখ টাকা মূল্যের আকর্ষণীয় পুরস্কার ও উপহার দেওয়া হবে। এতে ওমরাহ পালন, ল্যাপটপ, ফ্রিজ, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান উপহার থাকবে। তিনটি ধাপ মিলিয়ে প্রতিযোগিতার মোট পুরস্কার ও উপহারের মূল্য প্রায় ৪৫ লাখ টাকা।

এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রেষ্ঠ ৯টি প্রতিষ্ঠানকে ৯টি ফ্রিজ উপহার দেওয়া হবে। শিক্ষকদের জন্যও থাকছে বিশেষ ‘কারিগর অ্যাওয়ার্ড’, সম্মাননা স্মারক এবং পুরস্কার।

এই মহতি আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মাদ সেলিম উদ্দিন।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণের বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য ফেসবুকে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ লিখে সার্চ করার আহ্বান জানানো হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, এ আয়োজন নতুন প্রজন্মের মাঝে পবিত্র কুরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি, হিফজ শিক্ষার মানোন্নয়ন এবং কুরআনভিত্তিক আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ