বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হবিগঞ্জের ছয় তরুণ  সংঘর্ষের জেরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশিদের তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির মহাখালীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ব্যাংকের চাকরির টাকা দিয়ে সন্তানের দ্বীনি ইলম অর্জন: কী বলে শরিয়ত? কুমিল্লায় আজ আন্তর্জাতিক ইসলামী সম্মেলন, আসছেন দেশ-বিদেশের ৮ বরেণ্য আলেম আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস আজ বিশ্বে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা, প্রথম লাহোর  আসামে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মুসলিমরা আলেম-ওলামাদের সমর্থনেই সরকার ক্ষমতায় এসেছে: হুইপ দুলু জমিয়ত নেতা ফেরদাউসের ওপর হামলা, অভিযোগের তির ছাত্রদলের দিকে

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হবিগঞ্জের ছয় তরুণ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর ও লাখাই উপজেলার ছয় তরুণ। একই নৌকায় থাকা সাত তরুণের মধ্যে দুদিন সাগরে ভেসে প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছেছেন মাসুম মিয়া। তবে বাকি ছয়জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজদের পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর দালালের মাধ্যমে লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন মাধবপুর ও লাখাই উপজেলার সাত তরুণ। বাতাসে ফোলানো রাবারের ওই নৌকায় প্রায় অর্ধশত যাত্রী ছিলেন। মাঝসমুদ্রে পৌঁছানোর পর নৌকাটিতে ছিদ্র দেখা দেয়। একপর্যায়ে পানি ঢুকে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা সাগরে পড়ে যান।

সাত তরুণের মধ্যে একমাত্র মাসুম মিয়া প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছাতে সক্ষম হন। তাঁর বাড়ি মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামে। বাকি ছয় তরুণের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো জানা যায়নি।

নিখোঁজ ছয়জন হলেন—মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের পাভেল মিয়া ও আতাউর মিয়া, কাউড়া গ্রামের আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের নাঈম মিয়া, ছাতিয়াইন ইউনিয়নের সাগর মিয়া এবং লাখাই উপজেলার আবুল মিয়া। তাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মাসুমের বাবা মারাজ মিয়া ছেলের বরাত দিয়ে জানান, নৌকাটিতে ছিদ্র হওয়ার পর দ্রুত পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সবাই সাগরে পড়ে যান। তাঁর ছেলে ঢেউয়ের মধ্যে ভেসে থাকার চেষ্টা করেন। দুই দিন পর অচেতন অবস্থায় সাগরের তীরে পৌঁছান তিনি। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় গ্রিসে পৌঁছাতে সক্ষম হন।

মারাজ মিয়া জানান, ছেলের কাছ থেকে ঘটনা জানার পর তিনি নিখোঁজ তরুণদের পরিবারকে বিষয়টি অবহিত করেন। এরপর থেকেই পরিবারগুলো তাঁদের সন্তানদের সন্ধানে বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজদের স্বজনেরা জানান, গ্রিসে পৌঁছে দেওয়ার কথা বলে দালাল চক্র প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা নিয়েছে। কেউ জমি বিক্রি করে, আবার কেউ চড়া সুদে ঋণ নিয়ে এই টাকা জোগাড় করেছেন। তাঁদের আশা ছিল, সন্তানরা ইউরোপে পৌঁছে পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন করবেন। কিন্তু এখন সেই স্বপ্ন পরিণত হয়েছে স্বজনদের জীবন-মৃত্যুর অনিশ্চয়তায়।

পুরাইকলা গ্রামের পাভেল মিয়ার বাবা নুরুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এমন জানলে ভিক্ষা করে খেতাম, ছেলেকে বিদেশ দিতাম না। এখন ছেলে জীবিত না মৃত, কোনো খোঁজ পাচ্ছি না। সরকার সহযোগিতা না করলে আমরা কই যাব?’

স্বজনেরা জানান, মাসুমের কাছ থেকে নৌকাডুবির খবর পাওয়ার পর ঢাকায় অবস্থানরত দালালদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তাঁরা। কিন্তু তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। কোথায় গেলে বা কার কাছে গেলে নিখোঁজ সন্তানদের সন্ধান পাওয়া যাবে, তা-ও বুঝে উঠতে পারছেন না।

বাঘাসুরা গ্রামের নাঈম মিয়ার বাবা হবিব মিয়া বলেন, ‘আজ সবকিছু হারাতে বসেছি। ছেলেকে আর দেখতে পারব কি না, আল্লাহ জানেন।’

তিনি আরও বলেন, দালালদের ঠিকানা সম্পর্কেও তাঁরা কিছু জানেন না।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, নিখোঁজ যুবকদের সন্ধান পেতে ভুক্তভোগী পরিবারগুলোকে যথাযথ প্রক্রিয়ায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আনুষ্ঠানিক আবেদন পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের খোঁজ নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে।

নৌকাডুবির ১৫ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ ছয় তরুণের কোনো সন্ধান না মেলায় পরিবারগুলোর অপেক্ষা ও উৎকণ্ঠা আরও বাড়ছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ