নিজস্ব প্রতিবেদক
ঢাকায় নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির আমন্ত্রণে বুধবার (১৫ জুলাই) ইরান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির বর্তমান প্রেক্ষাপট, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই বাংলাদেশ ও ইরানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর পক্ষ থেকে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরান সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রতিনিধি দল অবিলম্বে যুদ্ধ বন্ধ, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং ইরানে স্বাভাবিক পরিস্থিতি দ্রুত ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়ে আলোচনা; ব্যবসা-বাণিজ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি; ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ সম্প্রসারণের দাবি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মসীহ। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাজন সিকদার।
এসএইচ/