নিজস্ব প্রতিবেদক
গতকাল রাতে ঢাকার উত্তরায় দুরপাল্লা বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম রাজু নামে দুই সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও প্রচার বিভাগের প্রধান হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ। নিহতদের শোকাহত পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দলের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ প্রেরিত বার্তায় এ তথ্য জানানো হয়।
শেখ ফজলুল করীম মারুফ বলেন, দেশে স্বাভাবিক মৃত্যুরও নিশ্চয়তা নাই। তরুণপ্রাণ এই সাংবাদিকদের এমন মৃত্যু আমাদের সামগ্রিক নাগরিক নিরাপত্তার নাজুকতা তুলে ধরছে। নিহত শাকিবুল হাসান ও রবিউল আলম রাজু উত্তরা প্রেসক্লাবের আসন্ন নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল। তাদের মৃত্যু আমাদেরকে শোকাহত করেছে, ব্যথিত করেছে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। জান্নাতে তাদের উচুঁ মাকাম কামনা করছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব বলেন, আমরা বারংবার বলে আসছি যে, সড়ক ব্যবস্থাপনায় নিরাপত্তাকে প্রাধান্য দিতে হবে। চালকদের সুস্থ্যতা নিশ্চিত করতে হবে ও কাজের চাপ কমাতে হবে। কিন্তু কেউ দায়িত্ব নিয়ে কাজ করে না। রাতের ফাঁকা রাস্তায় এমন ঘটনা দুর্ঘটনা নয় বরং চালকের উদাসিনতা বা খামখেয়ালির কারণে এমন করুণ মৃত্যুর সাক্ষি হতে হলো আমাদের। সরকারকের নিকট দায়ীদের দ্রুত আটক করার এবং শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। নিহতদের পরিবারকে যথাপোযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।
আইও/