নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ণ ও চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নেতারা বলেছেন, অপরিকল্পিত নগরায়ণের কারণে সামান্য বৃষ্টিতেই রাজধানী অচল হয়ে পড়ছে। একই সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতারও সমালোচনা করেছেন তারা।
শুক্রবার (১৭ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের দ্বিবার্ষিক অডিট ও মূল্যায়ন সভায় এসব বক্তব্য দেন দলের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান। নগর সভাপতি আহমদ আবদুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন নগর সেক্রেটারি আলহাজ আবদুল আউয়াল মজুমদার।
কে এম আতিকুর রহমান বলেন, একটি দেশের রাজধানীর পরিবেশ, অবকাঠামো, শিল্পকারখানা, বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার ওপরই দেশের সামগ্রিক চিত্র প্রতিফলিত হয়। কিন্তু ঢাকার বর্তমান অবস্থা সেই মানদণ্ডে অত্যন্ত হতাশাজনক।
তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণের কারণে সামান্য মৌসুমি বৃষ্টিতেই রাজধানী জলমগ্ন হয়ে পড়ে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বৃষ্টিজনিত জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ জাতির বিবেককে নাড়া দিয়েছে। নগরবাসীকে অপরিকল্পিত নগরায়ণের কালো থাবা থেকে মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।
সভায় নগর সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেন, প্রতিবছর প্রতিবেশী দেশের অবন্ধুসুলভ আচরণ এবং যথাযথ পরিকল্পনার অভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে। এতে বহু মানুষ গৃহহারা ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি অভিযোগ করেন, চলমান বন্যায় চট্টগ্রামে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। জনগণের দুর্ভোগের প্রতি জনপ্রতিনিধিদের উদাসীনতার সমালোচনা করে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের দাবি জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন ও আলহাজ আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক গোলামুর রহমান আজম, সহ-দপ্তর সম্পাদক মাওলানা নাজিমুদ্দিন, মুফতি আবদুল আহাদ, কার্যনির্বাহী সদস্য হাফেজ সালাহউদ্দিন, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, মুফতি নাজির আহমাদ শিবলিসহ মহানগরের নেতৃবৃন্দ।
আইও/