নিজস্ব প্রতিবেদক
জ্বালানি তেল, সিলিন্ডার গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস। দলটি অবিলম্বে বর্ধিত জ্বালানি মূল্য প্রত্যাহার এবং নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী এবং পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, গত ছয় মাসে সরকার দফায় দফায় জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর প্রভাবে বাস ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও নতুন করে বেড়েছে। মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।
তারা বলেন, সরকার জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়ে জনজীবনকে বিপর্যস্ত পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। এ অবস্থায় জ্বালানি তেল, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।
বৈঠকে শিশু-কিশোর হত্যা, ধর্ষণ ও নির্যাতন বৃদ্ধিতেও উদ্বেগ প্রকাশ করা হয়। কিশোর গ্যাং, মাদক সরবরাহকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ।
সংবিধান সংস্কার প্রসঙ্গে খেলাফত মজলিসের নেতারা বলেন, বিগত গণভোটে জনগণের সুস্পষ্ট রায় এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করে একতরফাভাবে ‘সংবিধান সংশোধন কমিটি’র মাধ্যমে ১৯৭২ সালের সংবিধান রক্ষার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে নতুন করে গণভোট আয়োজনের কথা বলা হচ্ছে।
তারা বলেন, জনগণ একবার রায় দিয়েছে, এখন সেই রায় বাস্তবায়ন করতে হবে। এসব ‘নাটক’ বন্ধ করে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করতে হবে। জনগণের রায় অনুযায়ী সংবিধানের পূর্ণাঙ্গ রূপরেখা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা।
বৈঠকে নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমিন সাদী, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুববিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিনসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএইচ/