বুধবার, ১২ আগস্ট ২০২৬ ।। ২৮ শ্রাবণ ১৪৩৩ ।। ২৯ সফর ১৪৪৮


পশ্চিম আফ্রিকায় শান্তি প্রতিষ্ঠায় মুসলিম ও খ্রিস্টান নেতাদের যৌথ উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকায় সামাজিক শান্তি, সহাবস্থান ও স্থিতিশীলতা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লিগ (রাবেতা আলমে ইসলামি)। মঙ্গলবার (১১ জুলাই) নাইজেরিয়ার রাজধানী আবুজায় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

‘বৈচিত্র্য ও সামাজিক শান্তি: একটি সমৃদ্ধ ভবিষ্যতের অংশীদারত্ব’ শীর্ষক এ আন্তর্জাতিক সম্মেলনে মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় নেতা, বিভিন্ন ধর্ম ও মতের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ, মন্ত্রী, সংসদ সদস্য এবং নাগরিক সমাজের নেতারা অংশ নেন।

মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব ও ওলামা পরিষদের চেয়ারম্যান শায়খ ড. মুহাম্মদ আল-ঈসা এ উদ্যোগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের পৃষ্ঠপোষকতা ছিল।

সম্মেলনে অঞ্চলটির বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী ধর্মীয় নেতারা ‘আবুজা ঘোষণা’ গ্রহণে সর্বসম্মতভাবে একমত হন। ঘোষণায় সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় নেতা এবং নাগরিক সমাজের সংগঠনগুলোর সমন্বয়ে একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণের কথা বলা হয়।

ঘোষণায় শান্তি, সহাবস্থান ও সামাজিক স্থিতিশীলতার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মক্কা সনদভিত্তিক একাডেমিক, প্রশিক্ষণ ও গণমাধ্যম কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সংঘাত প্রতিরোধ এবং ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্যের মধ্যেও জাতীয় ঐক্য ও সামাজিক বন্ধন সুরক্ষায় অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পশ্চিম আফ্রিকার ধর্মীয় ও নাগরিক নেতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি সমন্বয়কারী সংস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। সংস্থাটি যৌথ কর্মপরিকল্পনার অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট কর্মসূচি ও উদ্যোগগুলোর মধ্যে সমন্বয় এবং সেগুলোর কার্যকারিতা ও লক্ষ্য অর্জন নিশ্চিত করবে। পাশাপাশি নির্ধারিত সময় পরপর এসব কার্যক্রমের মূল্যায়ন করা হবে।

মুসলিম ওয়ার্ল্ড লিগ জানিয়েছে, এ উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো উগ্রবাদী মতাদর্শসহ বুদ্ধিবৃত্তিক ও সামাজিক সমস্যার মূল কারণগুলো মোকাবিলা করা। সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে বাধ্যতামূলক চুক্তির মাধ্যমে পারস্পরিক অঙ্গীকার, অংশীদারত্ব ও দীর্ঘমেয়াদি কার্যক্রম নিশ্চিত করাকে উদ্যোগটির অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। সূত্র: রাবেতার ফেসবুক পেইজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ