সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির একটি মন্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে মন্তব্য করার পর তার পদত্যাগ দাবি করেছে বিরোধী দল বিজেপি।

দুর্নীতির অভিযোগে মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগের মাত্র দুই দিনের মাথায় কংগ্রেস নেতৃত্বাধীন সরকারে থাকা আরেক মন্ত্রীর পদত্যাগের দাবি তুলল বিজেপি। দলটির বক্তব্য, রায়ারেড্ডিকে হয় তার মন্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে, নয়তো মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াতে হবে।

কোপ্পল জেলার কুকনূর শহরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বাসবরাজ রায়ারেড্ডি ইসলামকে মহান ও মানবিক একটি ধর্ম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইসলাম বিজ্ঞানভিত্তিক এবং এই ধর্ম মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায়।

এরপর ইসলামকে অন্য ধর্মগুলোর তুলনায় শ্রেষ্ঠ বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রীর ভাষ্য, ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকার কারণেই অনেকে এ ধর্ম নিয়ে ভুল ধারণা পোষণ করেন। মানবতাকে গুরুত্ব দেওয়ার কারণে তিনি ইসলামকে অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ মনে করেন বলেও জানান।

নিজের ধর্মীয় জ্ঞান সম্পর্কে রায়ারেড্ডি বলেন, কোরআন বা আব্রাহামিক ধর্মগুলো নিয়ে তার খুব বেশি গভীর পড়াশোনা নেই। তিনি নিয়মিত মন্দির বা মঠেও যান না। তবে বিভিন্ন ধর্ম ও ইতিহাস নিয়ে পড়াশোনা করেন এবং সে কারণেই আব্রাহামিক ধর্মগুলোর প্রতিও তার আগ্রহ রয়েছে।

মন্ত্রীর বক্তব্যের পরই এর প্রতিবাদ জানায় বিজেপি। কর্ণাটক বিজেপির সভাপতি আর অশোক মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের কাছে এ বিষয়ে জবাব দাবি করেন। তার অভিযোগ, রায়ারেড্ডির মন্তব্য হিন্দুধর্মকে অবমাননা করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আর অশোক বলেন, শিবকুমার নিয়মিত মন্দিরে গিয়ে ভক্তি প্রদর্শন করলেও তার মন্ত্রিসভার একজন সদস্য যখন সনাতন ধর্ম ও মন্দির নিয়ে অবমাননাকর মন্তব্য করছেন, তখন তিনি নীরব কেন—এর জবাব দিতে হবে।

রায়ারেড্ডিকে মন্তব্য প্রত্যাহার করে হিন্দুদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান বিজেপির এই নেতা। তা না হলে তাকে মন্ত্রিসভা থেকে সরানোর বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

এর আগে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বিজেপির চাপের মুখে মন্ত্রী বি নাগেন্দ্র পদত্যাগ করেন। দুই বছরের মধ্যে এটি ছিল তার দ্বিতীয়বার পদত্যাগ।

বিজেপি নেতা আর অশোক আরও বলেন, রায়ারেড্ডি মন্দির বা মঠে না যাওয়ার কথা বলে রাজ্যের লাখো হিন্দুর বিশ্বাসের কেন্দ্রগুলোকে খাটো করেছেন। একই সঙ্গে ইসলামকে অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ বলার মাধ্যমে সনাতন ধর্মকে অপমান করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে বিজেপির মুখপাত্র অশোক গৌড়াও মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন। তার অভিযোগ, কংগ্রেস সরকার ও মন্ত্রী নিজেদের ভোটারদের সন্তুষ্ট করতেই এ ধরনের মন্তব্য করছেন। বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ পড়ার পর মানুষকে নিজস্ব বিচার-বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বাসবরাজ রায়ারেড্ডি এর আগে কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি মাসের শুরুতে মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তিনি ডিকে শিবকুমারের মন্ত্রিসভায় যোগ দেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ