আন্তর্জাতিক ডেস্ক
ইরানের কুহেস্তাক, উপকূলীয় কয়েকটি শহরসহ পুরো দেশের মোট তিনটি স্থানে দফায় দফায় চালানো যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ৭ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের চালানো অন্যান্য সব হামলা মিলিয়ে ইরানজুড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের কুহেস্তাক শহরের এক বিয়েবাড়িতে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং নারী ও শিশুসহ ৬৮ জনের বেশি মানুষ আহত হওয়ার দাবি করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি এ হামলাকে ‘নৃশংস’ বলে উল্লেখ করেছেন।
মানবিক সহায়তাকারী সংস্থা ‘ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি’র প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি ভবনের দেয়াল ও জানালা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ। হরমুজ প্রণালির নিকটস্থ সিরিক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন শিশুর ছবিও প্রকাশ করেছে সংস্থাটি।
কুহেস্তাক ছাড়াও ইরানের উপকূলীয় কয়েকটি শহর ও এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। যার মধ্যে রয়েছে কোনারাক, বন্দর আব্বাস, জাস্ক, আসালুয়েহ এবং কেশম দ্বীপ।
টানা দ্বিতীয় রাতের মতো ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা এমন সময় ঘটে, যখন ওয়াশিংটন বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে প্রণালিটি ইরানের অবরোধের মধ্যে রয়েছে এবং এটি তেহরানের জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে।
অন্যদিকে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আহভাজ ও আঘাজারি শহরের কাছে দুটি স্থানেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের নিরাপত্তাবিঝয়ক উপ-গভর্নর এমন তথ্য দিয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে জানানো হয়।
আইআরআইবির প্রতিবেদনে আরও বলা হয়, প্রদেশটির তিনটি স্থানে হামলায় সাতজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। সব মিলিয়ে ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
আইও/