আন্তর্জাতিক ডেস্ক
কুরআন-হাদিসের পাশাপাশি হিন্দু, খ্রিষ্টান ও শিখ ধর্মের গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থও ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে দারুল উলুম। প্রতিষ্ঠানটির গ্রন্থাগারে থাকা হাজারো প্রাচীন ও দুর্লভ বই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে বিশেষ এ কার্যক্রম শুরু হয়েছে।
উদ্যোগটির বিশেষ দিক হলো, এতে শুধু ইসলামি বই নয়; বরং হিন্দু ধর্মের শ্রীমদ্ভগবদ্গীতা, বেদ ও রামায়ণ, খ্রিষ্টান ধর্মের বাইবেল এবং শিখ ধর্মের পবিত্র গ্রন্থ শ্রী গুরু গ্রন্থ সাহিবও অন্তর্ভুক্ত করা হয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও বিভিন্ন ধর্মের জ্ঞান-ঐতিহ্য সংরক্ষণের একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে এটিকে দেখা হচ্ছে।
উর্দু সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, দারুল উলুমের গ্রন্থাগারে বিভিন্ন ভাষা ও বিষয়ের হাজারো বই রয়েছে, যার অনেকগুলোই বর্তমানে বাজারে সহজে পাওয়া যায় না। সময়ের সঙ্গে এসব বইয়ের পৃষ্ঠা নষ্ট হয়ে যাওয়া কিংবা মূল সংস্করণ হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ঝুঁকি এড়াতে বইগুলোর প্রতিটি পৃষ্ঠা স্ক্যান করে ডিজিটাল সংস্করণ তৈরি করা হচ্ছে। এতে ভবিষ্যৎ প্রজন্মও এই দুর্লভ জ্ঞানভান্ডার ব্যবহারের সুযোগ পাবে।
বর্তমানে গ্রন্থাগারে ১৮৭০ সালে প্রকাশিত প্রায় ১ হাজার ৫০০ পৃষ্ঠার একটি ঐতিহাসিক বাইবেল ডিজিটাল করার কাজ চলছে। অত্যন্ত সতর্কতার সঙ্গে এর প্রতিটি পৃষ্ঠা স্ক্যান করে সংরক্ষণ করা হচ্ছে।
এ ছাড়া ইসলামি জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ শাখা তাফসির, হাদিস ও ফিকহের প্রাচীন বইগুলোও পর্যায়ক্রমে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।
উদ্যোক্তাদের মতে, এটি কেবল পুরোনো বই সংরক্ষণের উদ্যোগ নয়; বরং বিভিন্ন ধর্মের জ্ঞান, ইতিহাস ও ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস। সূত্র: ইউএনএ নিউজ
এসএইচ/