নিজস্ব প্রতিবেদক
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে পাকিস্তান ও বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ, সিরাত গবেষক, লেখক, দাঈ ও আলেমদের অংশগ্রহণে চার দিনব্যাপী আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ আয়োজন করতে যাচ্ছে সিরাজাম মুনীরা ইনস্টিটিউট।
‘সীরাতুন নবী সা. মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ ও সর্বকালের শ্রেষ্ঠ সফলতার ফর্মুলা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কোর্সে সিরাতের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবন গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
আয়োজকরা জানান, এটি সাধারণ আলোচনা সভা নয়; বরং সিরাতকে জ্ঞান, উপলব্ধি ও জীবনচর্চার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই কোর্সটি সাজানো হয়েছে। আধুনিক অস্থিরতা, নৈতিক অবক্ষয় ও বিভ্রান্তির সময়ে রাসুলুল্লাহ সা.-এর জীবনাদর্শ থেকে দিকনির্দেশনা গ্রহণের বিভিন্ন বিষয় এতে তুলে ধরা হবে।