বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বিতর্ক ও আলোচনা-সমালোচনার পর শেষ পর্যন্ত ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নারের জন্য দুটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আয়োজিত মাসব্যাপী এ মেলায় লিটলম্যাগ কর্নারের জন্য ৩৩ ও ৩৪ নম্বর স্টল নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) লিটলম্যাগ আন্দোলনের পক্ষ থেকে এক অফিসিয়াল বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লেখক কর্নার ও মিডিয়া কর্নারের ঠিক বিপরীতে স্টল দুটি লিটলম্যাগ কর্নারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সব প্রস্তুতিমূলক কার্যক্রম শেষে আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর বা বিকেলে স্টলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এ সময় সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এবারের ইসলামি বইমেলা শুরু হওয়ার আগে লিটলম্যাগ কর্নারের স্টল বরাদ্দ নিয়ে লেখক-সম্পাদকদের মধ্যে আলোচনা তৈরি হয়। লিটলম্যাগ আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, গত বছর স্টল পাওয়ার পর এবারও একই ধারাবাহিকতায় কর্নারটি রাখার জন্য তারা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন।

লিটলম্যাগ আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, স্টল বরাদ্দের বিষয়ে মেলা কমিটির সদস্যদের কাছ থেকে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যায়। পরে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়। শেষ পর্যন্ত লিটলম্যাগ কর্নারের জন্য দুটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

স্টল বরাদ্দ না পাওয়ার বিষয়টি নিয়ে এর আগে লেখক, সম্পাদক ও বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করেছিলেন।

এর আগে লিটলম্যাগ আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, মেলা কমিটির প্রকাশক সদস্যদের একটি অংশের আপত্তির কারণে স্টল বরাদ্দের বিষয়টি আটকে ছিল। সংগঠনের দাবি, গত বছর লিটলম্যাগ কর্নারে বিভিন্ন মতের লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও রাজনীতিকদের উপস্থিতি নিয়ে একটি অংশ আপত্তি তুলেছিল।

তবে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক রেজ্জাকুল হায়দার এর আগে বলেছিলেন, নিয়ম অনুযায়ী আবেদন না করায় লিটলম্যাগ কর্নারকে স্টল বরাদ্দ দেওয়া হয়নি। তার দাবি ছিল, এটি মেলা পরিচালনা কমিটির সম্মিলিত সিদ্ধান্ত।

অন্যদিকে লিটলম্যাগ আন্দোলনের সংগঠক জাওয়াদ আহমাদ এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, গত বছরের মতো এবারও তারা আবেদন প্রক্রিয়া অনুসরণ করেছেন এবং জুলাই থেকেই ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে স্টল বরাদ্দের বিষয়ে যোগাযোগ রাখছিলেন।

বিতর্কের মধ্যেই এখন লিটলম্যাগ কর্নারের জন্য ৩৩ ও ৩৪ নম্বর স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। আয়োজকদের প্রস্তুতির পাশাপাশি স্টল সাজানোর কাজও চলছে। আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নারের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

জমজম পানির ফজিলত

ফুল ফুটবেই

দিন শেষ হয়ে এলে 

আলোর পথের যাত্রী 

সর্বশেষ সংবাদ