মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আজ দেশটির সেলাঙ্গরের জালান সুলতান আব্দুল সামাদ ৩৮, বন্দর সুলতান সুলেমানের একটি হাউজিং এলাকা থেকে সমন্বিত অভিযানে প্রায় ১৭০০ বিদেশী অভিবাসীকে তাদের কাগজপত্র স্ক্রিনিংয়ের জন্য আটক করেছে।
দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা দি সান জানিয়েছে, দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন বলেন, তিন মাস ধরে উক্ত আবাসিক এলাকায় ইমিগ্রেশন ডিপার্টমেন্টের গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার এবং ইন্দোনেশিয়ার এ নাগরিকদের আটক করতে অভিযান চালানো হয়েছে।
অপারেশনের পর তিনি সাংবাদিকদের বলেন, আমরা স্থানীয় নাগরিকদের এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উক্ত এলাকায় বিদেশী নাগরিকদের উপস্থিতির বিষয়ে অনেক অভিযোগ পেয়েছি। প্রাথমিক পরিদর্শনে দেখা গেছে যে, তাদের মধ্যে বেশ কিছুঅভিবাসীর এ দেশে থাকার বৈধ পারমিট বা পাস নেই। তাছাড়া তারা অতিরিক্ত সময় দেশে অবস্থান করছে এবং পারমিটের শর্ত ভঙ্গ সহ নানা অপরাধ করেছে।