মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডসে অভিবাসন বিভাগের বিশেষ অভিযান ‘অপ গেমপুর’-এ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৬৮ বিদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন ১৭৪ জন। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অভিবাসন বিভাগের মোট ৫৪৭ সদস্য অংশ নেন। পাহাড়ি অঞ্চলের চারটি জোনজুড়ে ব্যবসায়িক এলাকা, নির্মাণকাজের স্থান ও সবজিখামারে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে দেখা যায়, অধিকাংশ শ্রমিক সবজি প্যাকিংয়ে ব্যস্ত ছিলেন এবং কর্তৃপক্ষের উপস্থিতি টের না পাওয়ায় তারা পালানোর সুযোগ পাননি। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহবান জানান, এক মাস ধরে অভিযোগ সংগ্রহ এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিকল্পনা করা হয়।
তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এই জেলাটি আশেপাশের এলাকায় কৃষিকাজের সাথে জড়িত থাকার পাশাপাশি বিদেশীদের কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।’ সাম্প্রতিক বছরগুলোতে এই পাহাড়ি অঞ্চলে বিদেশি শ্রমিকের উপস্থিতি বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বলেও জানান তিনি।
জাকারিয়া আরও বলেন, এলাকার পাহাড়ি ভূপ্রকৃতি ও শহর থেকে দূরত্ব অনেক বিদেশিকে এখানে কাজ নিতে উৎসাহিত করছে। একই সঙ্গে স্থানীয় কিছু ব্যবসায়ীর বিদেশি শ্রমিক নিয়োগের আগ্রহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।