নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের উর্দু কবিতার জগতের প্রবীণ কবি সৈয়দ নাসিরউদ্দিন ফ্যাহমি আর নেই। রোববার (৩০ আগস্ট) তিনি ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের উর্দু সাহিত্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
ফ্যাহমির মৃত্যুতে কবি শামিম জামানভি লিখেছেন হৃদয়স্পর্শী এক শোকগাথা। সেখানে তিনি লিখেছেন—
‘তালিব ও আ’সি, নিয়ায ও সাকি ও কুরবান শরফ
ইক এক করকে সভি প্যাহলে হি রুখসাত হো গ্যায়ে
দিল গিরফতা কাল তলক থে ফ্যাহমি গমখোয়ার ও শামিম
আজ য়ে আয়ি খবর ফ্যাহমি ভি রুখসাত হো গ্যায়ে।’
অর্থাৎ, একে একে সবাই আগেই বিদায় নিয়েছেন। বিমর্ষ হৃদয় গতকাল পর্যন্ত ছিল ফ্যাহমি, গমখোয়ার ও শামিমকে নিয়ে। আজ খবর এলো—ফ্যাহমিও বিদায় নিয়েছেন।
সৈয়দ নাসিরউদ্দিন ফ্যাহমি বাংলাদেশের উর্দু কবিতার একজন গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের পরিচিত মুখ। তাঁর শৈশব কেটেছে সৈয়দপুরে। জন্ম ৩ মার্চ ১৯৪৮ সালে। তাঁর বাবা সৈয়দ ফেদা হোসেন সৈয়দপুরেই চাকরি করতেন।
বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী বাংলাদেশের উর্দু কবিতার ওপর সংকলিত গ্রন্থ ‘বাড়ির কাছে আরশি নগর’-এ ফ্যাহমির একটি গজলের অনুবাদ প্রকাশ করেছিলেন। সেখানে ফ্যাহমির পরিচিতিতে তাঁকে সৈয়দপুরকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রগতিশীল ও অসাম্প্রদায়িক শিল্প-সাহিত্য আন্দোলনের একজন শরিক কবি হিসেবে উল্লেখ করা হয়।
বাংলাদেশের উর্দু কবিদের দীর্ঘদিন ধরে কাছ থেকে চিনতেন আসাদ চৌধুরী। তাঁর স্মৃতিচারণে উঠে এসেছে ফ্যাহমির কবিতা পাঠের অসাধারণ ক্ষমতার কথাও। মুশায়রায় রাতভর কবিতা শোনার শ্রোতাদের মনোযোগ ধরে রাখতে ফ্যাহমি ছিলেন অনন্য।
আইও/