ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে রাজশাহী নাগরিক কমিটি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ভূমিমন্ত্রী জানান, ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে প্রায় ১৬টি প্রতিষ্ঠান সম্পৃক্ত। এসব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে নিয়ে তিনি রাজশাহীর সন্তান হিসেবে নগরী ও দেশের উন্নয়নে কাজ করবেন। একই সঙ্গে রাজশাহী মহানগরীকে একটি সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীর উন্নয়ন করা হবে। জনগণ ও বিএনপির নির্বাচিত চারজন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
মিজানুর রহমান মিনু আরও বলেন, বিএনপির আমলে রাজশাহীতে গ্যাস লাইন স্থাপন ও চালু করা হয়েছিল। পুনরায় গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে। পাশাপাশি রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানগুলো সচল করার পরিকল্পনাও রয়েছে।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীতে সিল্ক একটি সম্ভাবনাময় শিল্প। এ শিল্পের প্রসারে উদ্যোগ নেয়া হবে এবং বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে রাজশাহীতে একটি ইপিজেড স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
সাথে সাথে তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে যেমন সারা দেশের উন্নয়ন করা হবে, তেমনি এর আলোকে রাজশাহীরও উন্নয়ন করা হবে। প্রতি সপ্তাহে রাজশাহীতে এসে জনগণের সঙ্গে মতবিনিময় করার আশ্বাস দেন তিনি।
আইএইচ/