সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

মুফতি শামাইল ও জাবেদ আখতারের বিতর্ক, দরকারি কিছু কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা শরীফ মুহাম্মদ
দুদিন আগে দিল্লিতে অনুষ্ঠিত তরুণ মুফতি শামাইল নদবী ও প্রায়-বৃদ্ধ লিরিসিস্ট জাবেদ আখতারের বিতর্কটি উপমহাদেশব্যাপী যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে। বিশেষত মুফতি শামাইল অনেক প্রশংসা পাচ্ছেন, মাশাআল্লাহ। আসলেই তিনি ভালো বলেছেন। এ ধরনের পরিস্থিতিতে সময় ধরে, শান্ত থেকে, মাথা ঠান্ডা রেখে, অত্যন্ত স্মার্ট ভঙ্গিতে, প্রতিপক্ষ ও পরিস্থিতিকে সৌজন্যমূলক সম্মান দিয়ে উপযুক্ত কথাগুলো বলে যাওয়া যথেষ্ট কঠিন এবং সেটা তিনি পেরেছেন। এযুগের তরুণ দাঈদের জন্য বিতর্ক ও মুখোমুখি আলোচনায় তিনি উদাহরণ হতে পারেন।

তর্কের বিষয় ছিল: সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কি না? নাস্তিকতার পক্ষে বিতার্কিক ছিলেন জাভেদ আখতার, তিনি নিজেও নাস্তিক। আল্লাহ তায়ালা তাকে হেদায়েত দান করুন। তার অবস্থানের পক্ষে যুক্তি ও আবেগ দিয়ে লড়তে চেষ্টা করেছেন। খ্যাতিমান ও পোড়-খাওয়া মানুষ;

কবিতা, লিরিক, মুভি-কাহিনি, রাজনীতি অনেক কিছুর সাথে জড়িত। অনলাইনে এবং উপমহাদেশে তার বিশাল ফ্যানবেজ আছে। কিন্তু তরুণ মুফতি সাহেব এই ভাবমূর্তির প্রতিপক্ষে ভালো করেছেন।