বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭


নেজামে ইসলাম পার্টির নতুন আমির মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. আজগর সালেহী

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নির্বাহী আমির হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের বিশিষ্ট আলেমেদীন, প্রবীণ ইসলামি চিন্তাবিদ ও বরেণ্য সংগঠক মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেলে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন দলের আমীর আল্লামা সারোয়ার কামাল আজিজী এবং সঞ্চালনা করেন মহাসচিব মুসা বিন ইযহার।

মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী ১৯৬৫ সালে চাঁদপুর জেলার দক্ষিণাঞ্চলের খানার চর ইউনিয়নের গোবিন্দ গ্রামে এক সম্ভ্রান্ত ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রখ্যাত আলেম ও শিক্ষাবিদ মাওলানা আব্দুস সোবহানের পুত্র। শৈশব থেকেই অসাধারণ মেধা, স্মৃতিশক্তি ও দ্বীনি শিক্ষার প্রতি গভীর অনুরাগের জন্য পরিচিত ছিলেন।

তার শিক্ষাজীবন শুরু হয় ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদে। পরবর্তীতে চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারীসহ বিভিন্ন শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করেন। উচ্চতর শিক্ষার জন্য তিনি ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দে গমন করেন এবং ১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

কর্মজীবনে তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নায়েবে নাজেমে দপ্তর হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদনা বোর্ডের সদস্য হিসেবেও কাজ করেন এবং সহিহ বোখারি ও তাফসির সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পাদনায় অবদান রাখেন।

তিনি দীর্ঘদিন চাঁদপুর বাইতুল আমীন জামে মসজিদের খতিব ছিলেন। বর্তমানে ঢাকার সেগুনবাগিচা মসজিদ-ই-নূরের খতিব এবং খিলগাঁওস্থ মাদরাসাতুল কোরআন ওয়াস সুন্নাহ-এর প্রতিষ্ঠাতা মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক ও সাংগঠনিক অঙ্গনেও তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি বিগত সময়ে নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির ছিলেন। এছাড়াও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমির, কওমি শিক্ষক সমিতির সভাপতি এবং পল্টন-সেগুনবাগিচা ইমাম-খতিব পরিষদের তিনবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের আমির হিসেবেও দায়িত্বে ছিলেন।

অধিবেশনে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমীর মুফতি মুখলিসুর রহমান কাসেমী, মাওলানা আব্দুর রহমান চৌধুরী, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, সহকারী মহাসচিব হাফেজ আজিজুল হক, সহকারী অর্থ সচিব আলহাজ আনোয়ারুল কবীর, শিল্প ও বাণিজ্য সচিব আলহাজ শাকিরুল হক খান, সহকারী সংগঠন সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী, সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অধিবেশন শেষে দলীয় কার্যক্রম দেশব্যাপী আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ