নগরকান্দা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক চেয়ারম্যান ও বিএনপির বর্ষীয়ান নেতা রফিকুজ্জামান অনু। সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। তাঁর প্রার্থিতার ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুজ্জামান অনু অবিভক্ত নগরকান্দা-সালথা এলাকার জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক জীবন শুরু করার পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপির একজন পরিচিত নেতা হিসেবে তিনি কাজ করেছেন।
এর আগে কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন রফিকুজ্জামান অনু। স্থানীয়দের দাবি, চেয়ারম্যান থাকাকালে তিনি জনবান্ধব ও বিচক্ষণ জনপ্রতিনিধি হিসেবে সুনাম অর্জন করেন। দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজে তাঁর ভূমিকার কথাও উল্লেখ করেন স্থানীয়রা।
নিজের ফেসবুক পোস্টে রফিকুজ্জামান অনু বলেন, তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং ন্যায় ও নীতির পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে জনগণের কল্যাণে কাজ করেছেন। ভবিষ্যতেও একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এলাকাবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নির্বাচনে বিজয়ী হলে ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করার পাশাপাশি কোদালিয়া শহীদনগর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইউনিয়নটিকে দেশের কাছে পরিচিত করে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এলাকাবাসীর উদ্দেশে দেওয়া বার্তায় রফিকুজ্জামান অনু বলেন, অতীতে তিনি জনগণের জন্য ভালো কিছু করে থাকলে তাঁদের অনুমতি ও সমর্থন নিয়ে আবারও নির্বাচনে অংশ নিতে চান। এ সময় তিনি এলাকাবাসীকে তাঁর পাশে থাকার আহ্বান জানান। নির্বাচনী প্রচারণার সময় প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের কথা শোনারও ঘোষণা দেন তিনি।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কোদালিয়া শহীদনগর ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। রফিকুজ্জামান অনুর প্রার্থিতার ঘোষণার পর স্থানীয় বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
আইও/