সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, নওগাঁর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার রাতে সাত প্রবাসীর লাশ বিশেষ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে আত্রাই থানা কম্পাউন্ডে আনা হয়। লাশ দেশে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ অপেক্ষার পর স্বজনরা প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখতে সেখানে ছুটে আসেন। এ সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিহত সাত প্রবাসী হলেন- উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী, বজলুর রহমানের ছেলে কলিমউদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।
জানাজায় অংশ নেওয়া মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছিল। প্রবাসে কর্মরত এসব মানুষের মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোক।
ইউএনও মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সরকারি বিধি অনুযায়ী নিহতদের পরিবারকে দাফন ও পরিবহন খরচসহ এককালীন আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডে নিহত অন্যান্য প্রবাসীর মরদেহও দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। জানাজা শেষে মরদেহগুলো দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইও/