আন্তর্জাতিক ডেস্ক
ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতের হিন্দু-মুসলিম ঐক্য ও সম্প্রীতি নিয়ে দেওয়া বক্তব্যের পর একাধিক প্রশ্ন তুলেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী।
তিনি প্রশ্ন করেছেন, যারা মুসলমানদের দেশ থেকে বের করে দেওয়ার কথা বলেন এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ান, তারা যদি সত্যিই হিন্দু না হন, তাহলে আরএসএস তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন?
মাওলানা আরশাদ মাদানী বলেন, মুসলমান ও খ্রিস্টানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো, গণপিটুনিকে সমর্থন করা, সামাজিক বয়কট এবং মসজিদ-মাদরাসাকে লক্ষ্যবস্তু বানানোর মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে শুধু বক্তব্য নয়, বাস্তব পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে গিয়ে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সব ধর্মের প্রতি সম্মানের কথা বলা অবশ্যই ভালো। কিন্তু এই বার্তার সবচেয়ে বেশি প্রয়োজন এখন ভারতেই।
মোহন ভাগবতের উদ্দেশে প্রশ্ন রেখে মাওলানা আরশাদ মাদানী বলেন, ভারতের সংবিধানে সব নাগরিকের জন্য যে সমান অধিকার নিশ্চিত করা হয়েছে, সেই অধিকারের সুরক্ষা বাস্তব জীবনে কবে দৃশ্যমান হবে?
তিনি আরও বলেন, দেশে হিন্দু-মুসলিম ঐক্য ও সম্প্রীতির কথা যদি সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে বিদ্বেষ ও বৈষম্যের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু বক্তৃতা বা বিবৃতি দিয়ে নয়, মাঠপর্যায়ে এর প্রতিফলন ঘটানো জরুরি।
সূত্র: ইউএনএ নিউজ
আইও/