নিজস্ব প্রতিবেদক
কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। বিশ্ববিদ্যালয়টির ‘কুরআনিক বিজ্ঞান ও ইসলামি শিক্ষা’ বিভাগে অনার্সে ভর্তির মাধ্যমে শিক্ষার্থীরা দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পথও উন্মুক্ত হচ্ছে তাদের সামনে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভাগটিতে দেশ-বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকেরা নিয়মিত পাঠদান করছেন। শিক্ষাকার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে শিগগিরই ভারত থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অধ্যাপকের বিভাগটিতে যোগ দেওয়ার কথা রয়েছে।
ছাত্রীদের জন্যও রয়েছে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ। তাদের শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে রয়েছে পৃথক ও সুরক্ষিত ক্যাম্পাস।
আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে অনার্স কিংবা স্নাতকোত্তর সম্পন্ন করার পর শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয়। মালয়েশিয়া, সৌদি আরব, মিসর, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেপাল, চীন, ব্রুনেই, জাপান, কাজাখস্তান, মেক্সিকো, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।
এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষাবিষয়ক চুক্তি থাকায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আরও বিস্তৃত হয়েছে।
দাওরায়ে হাদিসের পর আধুনিক শিক্ষাব্যবস্থায় যুক্ত হয়ে উচ্চতর ডিগ্রি অর্জন এবং আন্তর্জাতিক পরিসরে নিজেদের যোগ্যতা তুলে ধরতে আগ্রহী কওমি শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টির এই বিভাগ একটি সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠান হতে পারে।
এসএইচ/