দিনাজপুর প্রতিনিধি
আগামী ১৩ ডিসেম্বর দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে অনুষ্ঠেয় খতমে নবুওয়ত সম্মেলন সফল করতে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বাদ মাগরিব শহরের জেল রোড মাদরাসায় আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মাওলানা মতিউর রহমান কাসেমীর সভাপতিত্বে সভায় সদস্য সচিব মাওলানা সোহরাব হোসেন, মাওলানা ফরহাদ আলম, মাওলানা শোওয়াইব, মাওলানা শওকত আলী, মাওলানা শাহজালাল, মুফতি খায়রুজ্জামান, মুফতি ফয়সাল রশিদী, মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা ওমর ফারুকসহ শতাধিক স্থানীয় আলেম উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাওলানা মতিউর রহমান কাসেমী বলেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষা করা প্রতিটি মুমিনের ঈমানি দায়িত্ব। কাদিয়ানীদের অবস্থান স্পষ্ট করার দাবি জানানোর অধিকার সংবিধান দিয়েছে। আগামী ১৩ ডিসেম্বরের সম্মেলনকে জনসমুদ্রে পরিণত করে সফল করতে এখন থেকেই সর্বস্তরের আলেম ও তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বক্তারা সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের ওপর গুরুত্ব দেন। এ লক্ষ্যে প্রচার-প্রচারণা, মাঠ প্রস্তুতি ও দাওয়াতি কার্যক্রমসহ সার্বিক প্রস্তুতি জোরদার করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা।