নিজস্ব প্রতিবেদক
ভারতের প্রখ্যাত আলেম, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আওলাদে রাসুল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী অসুস্থতার কারণে নির্ধারিত বাংলাদেশ সফরে আসতে পারেননি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার আফতাবনগর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও মাওলানা মাহমুদ মাদানীর খলিফা মুফতি মোহাম্মদ আলী।
এর আগে ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আট দিনের সফরে বাংলাদেশে আসার কথা ছিল মাওলানা মাহমুদ মাদানীর। সফরকালে দেশের বিভিন্ন মাদরাসা, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানের আয়োজনে ইসলামি ইজতেমা, সম্মেলন ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা ছিল।
এ সফরের অংশ হিসেবে রাজধানীর আফতাবনগরে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা মাদরাসার উদ্যোগে ১৮, ১৯ ও ২০ নভেম্বর তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমার আয়োজন করা হয়েছিল। এতে প্রধান অতিথি হিসেবে মাওলানা মাহমুদ মাদানীর বয়ান ও নসিহত পেশ করার কথা ছিল।
ভারতের প্রভাবশালী ইসলামি ব্যক্তিত্বদের তালিকায় রয়েছেন মাওলানা মাহমুদ মাদানীর নাম। তিনি দেশটির প্রাচীন ও বৃহৎ ইসলামি সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি। ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি ভারতের মুসলিমদের অধিকার, শিক্ষা ও সামাজিক উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। আন্তর্জাতিক পরিসরেও রয়েছে তাঁর পরিচিতি।
আইও/