আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত হাসপাতালের নিজস্ব তদন্ত কমিটির প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) প্রতিবেদনটি জমা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে প্রতিবেদনে কী বলা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে বুধবার (৩ জুন) সরকারের গঠিত তদন্ত কমিটিও তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ (এইচআর) পরিচালক তারিকুল ইসলাম মুকুল বলেন, হাসপাতালের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গতকালই সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে আজ। সেটি প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষও সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের তদন্ত প্রতিবেদনের বিষয়বস্তু তুলে ধরবে। এর আগে প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করতে চান না বলেও জানান তিনি।
এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্ত প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিয়েছিল। তবে পরে তারা সে সিদ্ধান্ত থেকে সরে আসে। একই দিন বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর মৃত এক নবজাতকের স্বজন রমনা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। স্বাস্থ্যমন্ত্রীও হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন অসংগতি পাওয়ার কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, সরকারের গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন সরাসরি মন্ত্রণালয়ে জমা দেবে। এখনো প্রতিবেদন জমা পড়েনি। তবে কমিটির সদস্যরা জানিয়েছেন, আজই তা জমা দেওয়া হবে। তদন্ত কমিটি যাতে স্বাধীনভাবে তাদের কার্যক্রম সম্পন্ন করতে পারে, সে জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না বলেও জানান তিনি।
এমএম/