মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে?

নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

নওমুসলিমদের ইসলাম গ্রহণসংক্রান্ত আবেদন, অনুমোদন ও সনদ প্রদানের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করতে ‘নিউ মুসলিম’ (New Muslim) নামে নতুন একটি ডিজিটাল কার্ড সেবা চালু করেছে সৌদি আরব।

গত রোববার (২৬ জুলাই) সৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াহ ও এরশাদবিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আলে শাইখ আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন। মন্ত্রণালয়ের ডিজিটাল সেবার পরিধি সম্প্রসারণ এবং সেবাগ্রহীতাদের আরও আধুনিক ও সহজসুলভ সেবা দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এ ব্যবস্থার মাধ্যমে ইসলাম গ্রহণের আবেদন দাখিল, যাচাই, অনুমোদন এবং স্বীকৃত ডিজিটাল কার্ড ইস্যু—সমগ্র প্রক্রিয়াই একটি সমন্বিত ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হবে। ফলে আবেদনকারীরা দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সেবা গ্রহণ করতে পারবেন।

মন্ত্রণালয় জানায়, ‘নিউ মুসলিম’ ডিজিটাল কার্ডটি সৌদি আরবের জাতীয় অ্যাপ তাওয়াক্কালনা-এর সঙ্গে সংযুক্ত থাকবে। আবেদন অনুমোদনের পর কার্ডটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাপে যুক্ত হবে। এছাড়া সৌদি ডাটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটির (SDAIA) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই কার্ডটি দেখতে এবং এর সত্যতা যাচাই করতে পারবেন।

প্রতিটি ডিজিটাল কার্ডে একটি বিশেষ কিউআর (QR) কোড সংযুক্ত থাকবে। এ কোড স্ক্যান করে কার্ডটির সত্যতা এবং এটি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কর্তৃক আনুষ্ঠানিকভাবে ইস্যু করা হয়েছে কি না, তা যাচাই করা যাবে।

মন্ত্রণালয়ের মতে, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নওমুসলিমদের তথ্য আরও সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা, নির্ভুল প্রতিবেদন ও পরিসংখ্যান প্রস্তুত করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতিনির্ধারণে কার্যকর তথ্য-উপাত্ত ব্যবহার করা সম্ভব হবে। সূত্র: সৌদি প্রেস এজেন্সি (SPA)

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ