নিজস্ব প্রতিবেদক
সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘বাঙালিকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না। যদি বাঙালিকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করেন, বাঙালি রাজপথ দেখিয়ে ছেড়ে দেবে।’
শুক্রবার (২ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘আপনারা শেখ হাসিনার মতো প্রতাপশালী, জালিম ও স্বৈরাচারী হতে পারবেন না। শেখ হাসিনাকে তার বিদেশি প্রভুরাও টিকিয়ে রাখতে পারেনি।’
তিনি রাড্ডা কাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, এর দায় শুধু একজন নারী সংসদ সদস্যের নয়; এ ঘটনার সব দায় প্রধানমন্ত্রীকে বহন করতে হবে। তিনি সরকারকে দলীয় ফোরাম নিয়ন্ত্রণ এবং গণভোটের গণরায় কার্যকর করার আহ্বান জানান। একই সঙ্গে তেল, গ্যাস ও বিদ্যুৎসহ জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, একজন নারী সংসদ সদস্যকে দিয়ে বিরোধী দলের আসনগুলোতে দায়িত্ব পালনের ব্যবস্থা করে বিরোধী দলীয় সংসদ সদস্যদের অকার্যকর করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, বিরোধী দলের আসনে ক্ষমতাসীন দলের নারী সংসদ সদস্যরা সন্ত্রাস, চাঁদাবাজি ও ভাঙচুরে জড়ালে দলের পুরুষ নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।
তিনি আরও বলেন, ‘আমরা রাজপথে নামতে ছয় মাস সময় নিয়েছি। আপনারা গণভোটের রায় কার্যকর করার ক্ষেত্রে গাদ্দারি করতে ছয় মিনিট সময় বিলম্ব করেননি।’ একই দিনে একই নির্বাচন কমিশনের অধীনে দেশজুড়ে দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ভোটে ‘ইঞ্জিনিয়ারিং’ করে তাদের নিশ্চিত আসনের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মাওলানা এনামুল হক মুসাসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আইও/