ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে জাতিসংঘের শীর্ষ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। একইসঙ্গে আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘনের’ জন্য ইসরায়েলকে ‘জবাবদিহি’ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি।
শুক্রবার এক বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে এবং ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদানের জন্য ‘আরও পদক্ষেপ’ গ্রহণের আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে গতকাল শুক্রবার গাজায় গণহত্যা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় অন্তবর্তীকালীন রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রায়ে গাজা উপত্যকায় ইসরায়েলকে গণহত্যা বন্ধে সম্ভাব্য সব ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রায়ে আদালতের প্রেসিডেন্ট মার্কিন বিচারক জে দোঙ্গু বলেন, ‘আদালত ইসরায়েলকে নির্দেশ দিচ্ছে, গাজায় গণহত্যা সংঘটিত যেন না হয় সেজন্য সব ধরনের প্রয়োজনীয়তা ব্যবস্থা নিতে হবে।’