সাত দশকেরও বেশি সময় ধরে সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত হিসেবে সাধারণত মুসলিম কূটনীতিকদেরই নিয়োগ দেওয়া হয়ে আসছিল। তবে সেই দীর্ঘদিনের প্রচলিত ধারা ভেঙে এবার প্রথমবারের মতো অমুসলিম কূটনীতিক বিপুলকে রিয়াদে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে নয়াদিল্লি। এই সিদ্ধান্তকে ভারতের কূটনৈতিক নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
১৯৪৮ সালে ভারত ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে রিয়াদে রাষ্ট্রদূত এবং জেদ্দায় কনসাল জেনারেলের মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে সাধারণত মুসলিম কর্মকর্তাদেরই দায়িত্ব দেওয়া হতো। এর প্রধান কারণ ছিল হজ ব্যবস্থাপনা। প্রতি বছর বিপুলসংখ্যক ভারতীয় মুসলিম হজ পালনের জন্য সৌদি আরব যান, ফলে রাষ্ট্রদূতদের মক্কা, মদিনা ও মিনার মতো পবিত্র স্থানে প্রশাসনিক ও কূটনৈতিক প্রয়োজনে যাতায়াত করতে হতো—যেখানে অমুসলিমদের প্রবেশ সীমিত।
তবে সাম্প্রতিক সময়ে এই বাস্তবতায় পরিবর্তন এসেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মধ্যপ্রাচ্য বিষয়ক অভিজ্ঞ জ্যেষ্ঠ মুসলিম কূটনীতিকের সংখ্যা কমে যাওয়ায় এখন নিয়োগে ধর্মীয় পরিচয়ের চেয়ে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা এবং কৌশলগত প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
নতুন রাষ্ট্রদূত বিপুল ভারতের পররাষ্ট্রসেবা (IFS)-এর ১৯৯৮ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি কাতারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি মিসর, শ্রীলঙ্কা, জেনেভা এবং দুবাইয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে কাজ করেছেন। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা সম্পর্কে তার দীর্ঘ অভিজ্ঞতাকেই এই নিয়োগের মূল ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই নিয়োগকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই। বরং এটি ভারতের পররাষ্ট্রনীতির একটি বাস্তববাদী পরিবর্তনের ইঙ্গিত, যেখানে যোগ্যতা, অভিজ্ঞতা এবং রাষ্ট্রীয় স্বার্থই মূল বিবেচ্য হয়ে উঠছে। সূত্র: এনডিটিভি
আরএইচ/