লাইফস্টাইল ডেস্ক
সুস্থ থাকতে খাবারের তালিকায় শাকসবজি রাখার বিকল্প নেই। তবে সবজি রান্না করে খাওয়া ভালো, নাকি কাঁচা—এ নিয়ে অনেকের মধ্যেই রয়েছে নানা প্রশ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নজনের কাঁচা সবজি খাওয়ার ভিডিও দেখে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
স্বাস্থ্যসচেতন অনেকেই পুষ্টিগুণ অক্ষুণ্ন রাখতে কাঁচা সবজি খেতে পছন্দ করেন। তাঁদের কেউ কেউ অনুসরণ করেন ‘র-ডায়েট’ বা কাঁচা খাবারভিত্তিক খাদ্যাভ্যাস। তবে পুষ্টিবিদদের মতে, কাঁচা সবজির যেমন কিছু উপকারিতা রয়েছে, তেমনি রয়েছে স্বাস্থ্যঝুঁকিও। সব ধরনের সবজি কাঁচা খাওয়া নিরাপদ নয়। কোন সবজি কাঁচা খাওয়া যাবে, কোনটি রান্না করে খেতে হবে এবং কারা কাঁচা সবজি খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন—এসব বিষয় জানা জরুরি।
বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের সাবেক প্রধান ও পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহারের মতে, কাঁচা সবজি খাওয়ার অন্যতম সুবিধা হলো এতে কিছু পুষ্টি উপাদান অক্ষুণ্ন থাকে। রান্নার সময় বিশেষ করে ভিটামিন ‘সি’ ও কিছু বি-ভিটামিনের পরিমাণ কমে যেতে পারে। তবে রান্না করলে আবার কিছু পুষ্টি উপাদান শরীরের জন্য সহজে শোষণযোগ্য হয়।
তাই সবজি কাঁচা খাওয়াই সব সময় বেশি উপকারী—এমন ধারণা ঠিক নয়। বরং সবজির ধরন ও ব্যক্তির শারীরিক অবস্থা বিবেচনায় খাবার নির্বাচন করা প্রয়োজন।
কাঁচা সবজি খাওয়ার যেসব উপকারিতা রয়েছে
কাঁচা সবজিতে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও খাদ্যআঁশের মতো প্রয়োজনীয় উপাদান থাকে। রান্না না করায় কিছু তাপ-সংবেদনশীল পুষ্টি উপাদান তুলনামূলকভাবে অক্ষুণ্ন থাকে।
পুষ্টিগুণ বজায় থাকে: কাঁচা সবজিতে ভিটামিন ‘সি’, ফোলেইট, পটাশিয়াম ও বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান ভালোভাবে সংরক্ষিত থাকতে পারে। এসব উপাদান শরীরের স্বাভাবিক কার্যক্রম ও রোগ প্রতিরোধব্যবস্থা সচল রাখতে ভূমিকা রাখে।
হজমে সহায়তা করে: শসা, টমেটো, গাজর ও লেটুসের মতো সবজিতে থাকা পানি ও খাদ্যআঁশ অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে। পর্যাপ্ত আঁশ গ্রহণ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধেও ভূমিকা রাখে।
রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক:
আঁশসমৃদ্ধ সবজি খাবার হজম ও শর্করা শোষণের গতি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ফলে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের সুষম খাদ্যতালিকায় এসব সবজি রাখা উপকারী।
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে:
অধিকাংশ কাঁচা সবজিতে ক্যালরির পরিমাণ কম এবং পানির পরিমাণ বেশি। ফলে খাবারের পরিমাণ বাড়লেও অতিরিক্ত ক্যালরি গ্রহণের আশঙ্কা কম থাকে। পাশাপাশি দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি বজায় রাখতেও খাদ্যআঁশ ভূমিকা রাখে।
প্রদাহ ও কোষের সুরক্ষায় ভূমিকা রাখে:
বিভিন্ন সবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও উদ্ভিজ্জ যৌগ শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষায় সহায়তা করে। কিছু উপাদান প্রদাহ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে।
কাঁচা সবজি খাওয়ার সম্ভাব্য ঝুঁকি
কাঁচা সবজির পুষ্টিগুণ থাকলেও পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপদ খাদ্যাভ্যাসের বিষয়ে অসতর্ক হলে নানা সমস্যা দেখা দিতে পারে।
জীবাণু সংক্রমণের আশঙ্কা: সবজির গায়ে মাটি, দূষিত পানি কিংবা সংরক্ষণের মাধ্যমে ব্যাকটেরিয়া ও পরজীবী থাকতে পারে। এর মধ্যে ই-কোলাই ও সালমোনেলার মতো জীবাণুও রয়েছে। ভালোভাবে পরিষ্কার না করে কাঁচা সবজি খেলে খাদ্যবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
প্রাকৃতিক ক্ষতিকর উপাদান: কিছু সবজিতে প্রাকৃতিকভাবে এমন উপাদান থাকে, যা কাঁচা অবস্থায় খেলে শরীরে অস্বস্তি বা বিষক্রিয়ার ঝুঁকি তৈরি করতে পারে। যেমন—কাঁচা আলুতে সোলানিনের মতো ক্ষতিকর উপাদান থাকতে পারে। তাই আলু কাঁচা খাওয়া উচিত নয়।
রাসায়নিক দূষণ: সবজিতে কীটনাশক বা অন্যান্য রাসায়নিকের অবশিষ্টাংশ থাকতে পারে। অপরিষ্কার অবস্থায় কাঁচা খেলে এসব উপাদান শরীরে প্রবেশের আশঙ্কা থাকে। তাই খাওয়ার আগে প্রবাহমান নিরাপদ পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি।
হজমের সমস্যা: কাঁচা সবজিতে থাকা আঁশ কারও কারও ক্ষেত্রে পেট ফাঁপা, গ্যাস, পেটব্যথা বা অস্বস্তির কারণ হতে পারে। বিশেষ করে ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিছু কাঁচা সবজি সমস্যা বাড়াতে পারে।
পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার সবজি খাওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর পরামর্শ অনুযায়ী, সবজি পরিষ্কারের ক্ষেত্রে নিরাপদ পানি ব্যবহার করতে হবে। প্রয়োজনে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে ময়লা দূর করে আবার ধুয়ে নিতে হবে।
কারা কাঁচা সবজি খাবেন, কারা সতর্ক থাকবেন?
যাঁদের হজমপ্রক্রিয়া স্বাভাবিক এবং কাঁচা সবজি খেলে কোনো অস্বস্তি হয় না, তাঁরা পরিমিত পরিমাণে এসব খাবার গ্রহণ করতে পারেন। বিশেষ করে স্বাস্থ্যকর ও আঁশসমৃদ্ধ খাবার খেতে চান, এমন ব্যক্তি এবং ওজন নিয়ন্ত্রণে আগ্রহীদের খাদ্যতালিকায় কাঁচা সবজি ভালো সংযোজন হতে পারে।
ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও পরিমিত পরিমাণে কাঁচা সবজি খেতে পারেন। তবে যাঁদের গ্যাস্ট্রিক, আলসার, আইবিএস কিংবা অন্যান্য হজমজনিত সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে সব ধরনের কাঁচা সবজি উপযোগী নাও হতে পারে।
বৃক্ক ও যকৃতের রোগে আক্রান্ত ব্যক্তিদেরও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবজি নির্বাচন করা উচিত। কারণ এসব রোগের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পুষ্টি উপাদান গ্রহণে সীমাবদ্ধতা থাকতে পারে।
গর্ভবতী নারীদের কাঁচা সবজি খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। অপরিষ্কার বা জীবাণুযুক্ত কাঁচা সবজি থেকে সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। তাই সবজি ভালোভাবে ধুয়ে নিরাপদভাবে প্রস্তুত করা জরুরি। প্রয়োজনে রান্না করা সবজি খাওয়া নিরাপদ বিকল্প হতে পারে।
যেসব সবজি কাঁচা খাওয়া যায়
কিছু সবজি কাঁচা অবস্থায় খাওয়া যায় এবং সঠিকভাবে পরিষ্কার করলে সাধারণত নিরাপদ। পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহারের পরামর্শ অনুযায়ী, এসব সবজির মধ্যে রয়েছে—
শসা, গাজর, টমেটো, লেটুস, পালংশাকের কোমল পাতা, ক্যাপসিকাম, মূলা, বিট, ধনেপাতা, কচি লাউ, বাঁধাকপির ভেতরের কচি অংশ
তবে এসব সবজি খাওয়ার আগে মাটি ও ময়লা সম্পূর্ণ পরিষ্কার করতে হবে। বিশেষ করে পাতাজাতীয় সবজি একাধিকবার নিরাপদ প্রবাহমান পানিতে ধুয়ে নেওয়া ভালো।
যেসব সবজি কাঁচা না খাওয়াই ভালো
সব সবজি কাঁচা খাওয়ার উপযোগী নয়। কিছু সবজিতে প্রাকৃতিক ক্ষতিকর উপাদান থাকে, আবার কিছু সবজি রান্না করলে সহজে হজম হয় এবং পুষ্টি উপাদান শরীর ভালোভাবে গ্রহণ করতে পারে।
যেমন—আলু, বেগুন, কাঁচা শিম, বরবটি ও কাঁচা মটরশুঁটি রান্না করে খাওয়া উচিত। এ ছাড়া ঢেঁড়স, পটল, কুমড়া, ফুলকপি, ব্রকলি ও মাশরুমও রান্না করে খাওয়া ভালো।
পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার বলেন, বেগুনে সোলানিনজাতীয় গ্লাইকোঅ্যালকালয়েড থাকতে পারে। তাই বেগুন কাঁচা না খেয়ে রান্না করে খাওয়া ভালো। একইভাবে করলা, শিম, বরবটি, ফুলকপি ও ব্রকলি হালকা ভাপে সেদ্ধ করে খেলে পুষ্টিগুণ বজায় রাখার পাশাপাশি হজমেও সুবিধা হয়।
নিজের গাছের কেমিক্যালমুক্ত সবজি কি কাঁচা খাওয়া নিরাপদ?
অনেকেই বাড়ির ছাদে, বারান্দায় কিংবা আঙিনায় শাকসবজি চাষ করেন। এসব সবজিতে কীটনাশক ব্যবহার না করায় অনেকে সরাসরি গাছ থেকে তুলে খেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে নিজের বাগানের সবজি হলেই তা শতভাগ নিরাপদ—এমনটি ভাবার সুযোগ নেই।
কারণ মাটি, পানি, জৈব সার কিংবা আশপাশের পরিবেশ থেকেও সবজিতে ক্ষতিকর জীবাণু প্রবেশ করতে পারে। তাই বাড়িতে উৎপাদিত সবজি কাঁচা খাওয়ার আগেও যথাযথভাবে পরিষ্কার করা জরুরি।
সবজির গায়ে লেগে থাকা মাটি ও ময়লা নিরাপদ প্রবাহমান পানিতে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। প্রয়োজনে বাইরের পাতা ফেলে দিতে হবে এবং খোসা ছাড়িয়ে খেতে হবে। শুধু লবণ পানিতে ভিজিয়ে রাখলেই সব ধরনের জীবাণু ও রাসায়নিক দূর হয়ে যায়—এমন নিশ্চয়তা নেই।
কাঁচা না রান্না—কোনটি বেশি উপকারী?
কাঁচা ও রান্না করা—দুইভাবেই সবজি খাওয়ার আলাদা উপকারিতা রয়েছে। কাঁচা সবজিতে কিছু ভিটামিন ও তাপ-সংবেদনশীল উপাদান অক্ষুণ্ন থাকে। অন্যদিকে রান্না করলে গাজর ও টমেটোর মতো কিছু সবজির নির্দিষ্ট পুষ্টি উপাদান শরীরের জন্য সহজে শোষণযোগ্য হয়। আবার রান্নার মাধ্যমে কিছু ক্ষতিকর জীবাণু ও প্রাকৃতিক উপাদানের ঝুঁকিও কমানো যায়।
তাই সুস্থ থাকার জন্য সবজি শুধু কাঁচা কিংবা শুধু রান্না করে খাওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে দুইভাবেই খাদ্যতালিকায় রাখা যেতে পারে। তবে কোন সবজি কীভাবে খাওয়া উচিত, তা জানা জরুরি। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ উপায়ে খাবার প্রস্তুত করা এবং নিজের শারীরিক অবস্থা অনুযায়ী খাদ্য নির্বাচন করাই সুস্থ খদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ অংশ।
এসএইচ/