বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭


হজযাত্রীদের জন্য কঠোর স্বাস্থ্যবিধি জারি সৌদি আরবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব স্বাস্থ্য সুরক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনস্বাস্থ্য কর্তৃপক্ষ নতুন স্বাস্থ্য নির্দেশনা জারি করে জানিয়েছে, গুরুতর কিছু রোগে আক্রান্ত ব্যক্তিরা হজের অনুমতি বা পারমিট পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হতে পারেন।

সৌদি কর্তৃপক্ষ বলছে, হজের সময় অতিরিক্ত ভিড়, তীব্র গরম এবং দীর্ঘ সময়ের শারীরিক পরিশ্রমের কারণে শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। এ কারণে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, যেসব ব্যক্তি উন্নত পর্যায়ের কিডনি বিকলতায় ভুগছেন এবং নিয়মিত ডায়ালাইসিসের প্রয়োজন হয়, গুরুতর হৃদরোগজনিত দুর্বলতা, লিভার সিরোসিস, জটিল মানসিক রোগ, স্মৃতিভ্রংশ (ডিমেনশিয়া) বা বার্ধক্যজনিত অতিরিক্ত শারীরিক দুর্বলতায় আক্রান্ত—তাদের হজের জন্য অনুপযুক্ত হিসেবে বিবেচনা করা হতে পারে। এছাড়া গর্ভাবস্থার শেষ তিন মাসে থাকা নারীদের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনের জন্য শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দীর্ঘ হাঁটা, জনসমাগম এবং উন্মুক্ত পরিবেশে দীর্ঘ সময় অবস্থান করতে হয়। তাই এমন ব্যক্তিদেরই হজের অনুমতি দেওয়া হবে, যারা নিরাপদে ও জটিলতাহীনভাবে পুরো কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম।

এদিকে সব হজযাত্রীর জন্য মেনিনগোকক্কাল মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, হজ শুরুর অন্তত ১০ দিন আগে কোয়াড্রিভ্যালেন্ট মেনিনজাইটিস ভ্যাকসিনের এক ডোজ গ্রহণ করতে হবে।

পাশাপাশি কোভিড-১৯ এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ারও জোর সুপারিশ করেছে সৌদি কর্তৃপক্ষ। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং হৃদরোগ, শ্বাসতন্ত্রের জটিলতা, কিডনি রোগ ও ডায়াবেটিসে আক্রান্তদের জন্য এসব টিকা গ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লির সমাগমে হজ বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশে পরিণত হয়। ফলে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকে। সেই সঙ্গে সৌদি আরবের তীব্র গরম ও শারীরিক পরিশ্রমের কারণে অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। তাই স্বাস্থ্যঝুঁকি কমাতে আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে সৌদি সরকার। সূত্র: গালফ নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ