মদিনা অঞ্চলের আমির প্রিন্স সালমান বিন সুলতান বিন আব্দুলআজিজ আল সৌদ হিজরাহ রোডে অবস্থিত হাজি ও ওমরাহ যাত্রীদের স্বাগত ও রিসেপশন কেন্দ্র পরিদর্শন করেছেন। আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে কেন্দ্রটির সেবা কার্যক্রম ও প্রস্তুতির অগ্রগতি মঙ্গলবার (১২ মে) সরেজমিনে দেখতে তিনি এ পরিদর্শনে যান।
পরিদর্শনকালে আমির কেন্দ্রের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং আগত হজ ও ওমরাহ যাত্রীদের জন্য প্রদত্ত সেবা কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, তথ্যসেবা এবং লজিস্টিক সহায়তার বিস্তারিত পর্যালোচনা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় তাকে কেন্দ্রের কার্যক্রম, ব্যবস্থাপনা কাঠামো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
কর্মকর্তারা জানান, হজযাত্রীদের নির্বিঘ্ন আগমন ও প্রাথমিক সেবা নিশ্চিত করতে এই রিসেপশন সেন্টারে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এখানে স্বাস্থ্যসেবা, তথ্য সহায়তা, পরিবহন সমন্বয় এবং নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য বিশেষায়িত ইউনিট কাজ করছে।
প্রিন্স সালমান বিন সুলতান কেন্দ্রটির সার্বিক প্রস্তুতি ও সেবার মানের প্রশংসা করেন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন যেন হজযাত্রীদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও দ্রুত সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি আরও জোরদার করা হয়। বিশেষ করে প্রযুক্তির ব্যবহার ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে সেবার মান আরও উন্নত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
হিজরাহ রোডের এই রিসেপশন সেন্টারটি মদিনায় আগত হজ ও ওমরাহ যাত্রীদের প্রাথমিক অভ্যর্থনা, দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। প্রতি বছর লাখো মুসল্লির আগমনকে নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সূত্র: সৌদি গেজেট
জেডএম/
