২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সৌদি আরব ও ইরাকের জাতীয় পতাকায় আল্লাহর নাম উল্লেখ রয়েছে। সৌদি আরবের পতাকায় রয়েছে পবিত্র কালেমা তাইয়্যিবা, আর ইরাকের পতাকায় লেখা রয়েছে ‘আল্লাহু আকবার’।
বিশ্বকাপের প্রথম ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয় সৌদি আরব। ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়। তবে খেলার ফলাফলের পাশাপাশি ম্যাচ শুরুর আগে জাতীয় পতাকা প্রদর্শনের সময় একটি ভিন্ন দৃশ্য সবার নজর কাড়ে।
সাধারণত জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় দুই দলের পতাকা মাঠের ঘাসের ওপর মেলে ধরা হয়। কিন্তু সৌদি আরবের ক্ষেত্রে সেই প্রচলিত রীতি অনুসরণ করা হয়নি। কালিমাখচিত হওয়ায় সৌদি আরবের জাতীয় পতাকা মাটিতে স্পর্শ না করিয়ে উঁচু করে ধরে রাখা হয়। একই সঙ্গে সমতার বিষয়টি বজায় রাখতে উরুগুয়ের পতাকাও মাটিতে রাখা হয়নি।
সৌদি আরবের প্রচলিত নিয়ম ও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। সৌদি কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে ফিফা এমন সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
এদিকে, ইরাক এখনও ২০২৬ বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে মাঠে নামেনি। ফলে তাদের জাতীয় পতাকা প্রদর্শনের সময়ও একই ধরনের সম্মান প্রদর্শন করা হয় কি না, সেদিকে নজর থাকবে ফুটবলপ্রেমীদের।
জেডএম/
