রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে আলেম-ওলামা ও তৌহিদি জনতার ওপর হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শনিবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আয়োজিত আন্তর্জাতিক শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শারীরিক অসুস্থতার কারণে সম্মেলনে সশরীরে উপস্থিত হতে না পারলেও টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন ধর্মমন্ত্রী। আড়াইহাজার উপজেলা আন্তর্জাতিক শানে রিসালাত সম্মেলন বাস্তবায়ন কমিটি এ আয়োজন করে।

ধর্মমন্ত্রী বলেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর ঐতিহাসিক শাপলা চত্বরে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা রক্ষা এবং তার শানে কটূক্তিকারী ব্লগারদের বিচারের দাবিতে হেফাজতে ইসলামের তৎকালীন আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর নেতৃত্বে দেশের লাখ লাখ তৌহিদি জনতা সমবেত হয়েছিলেন।

সেদিন রাতের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, রাতের আঁধারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিরস্ত্র, জিকিররত আলেম-ওলামা ও দ্বীনদার মানুষের ওপর হামলা চালানো হয়েছিল। এতে অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত ও নির্যাতনের শিকার হয়েছেন।

শাপলা চত্বরে সমবেত মানুষের ত্যাগের কথা স্মরণ করে কায়কোবাদ বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নবীপ্রেমিক মানুষ সেদিন ঢাকায় ছুটে এসেছিলেন। তারা ঢাকার রাজপথ ও অলিগলি চিনতেন না; চিনতেন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। নবীজির ভালোবাসায় উদ্বুদ্ধ হয়েই তারা জান-মাল উৎসর্গ করতে রাজধানীতে এসেছিলেন। নবীজির মর্যাদা রক্ষার দাবিতে রাজপথে আসা কি তাদের অপরাধ ছিল—এ প্রশ্নও রাখেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, নবীজির মর্যাদা রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন এবং জান-মাল উৎসর্গ করেছেন, জাতি তাদের ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমাদের সরকার ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা ছাড়াও বিভিন্ন হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা রক্ষায় নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা রক্ষার জন্য আমি নগণ্য কায়কোবাদ—আমার সাধ্য অনুযায়ী সবকিছু করতে প্রস্তুত আছি। নবীজির শান ও মর্যাদা রক্ষার প্রশ্নে কোনো আপস হতে পারে না।”

পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে ধর্মমন্ত্রী বলেন, মহান আল্লাহ নবীজির মর্যাদা সমুন্নত করেছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। তার পরে আর কোনো নবী আগমন করবেন না। আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত।

সরকারের অবস্থান তুলে ধরে কায়কোবাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার আলেম-ওলামা ও দ্বীনদার মানুষের প্রতি সম্মানশীল। আলেমবান্ধব এ সরকার দেশের ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় ব্যক্তিত্বদের মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতার প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৮২ হাজার মসজিদের প্রায় ২ লাখ ৫০ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন। বাংলাদেশের ইতিহাসে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত।

সম্মেলনে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া। বক্তব্য দেন আওলাদে রাসূল (সা.) মাওলানা সাইয়েদ আশহাদ রশিদী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি রিজওয়ান রফিকী, মাওলানা ড. শুয়াইব আহমদ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা এতেশামুল হক কাসেমী উজানী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, মাওলানা এহতেশামুল হক সাখী ও মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীসহ দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও মাশায়েখরা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ